ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে সাদিক কায়েমের মা-বাবা থাকলেও তাঁদের কোনো ক্ষতি হয়নি।
এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে।
তিনি আরও বলেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের লোকজন রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ড তাদের আন্দোলন ও লড়াইকে দমাতে পারবে না।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও খাগড়াছড়ি জেলা জামায়াতের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় দেওয়া এক বিবৃতিতে জামায়াত নেতারা নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, দুর্বৃত্তরা সীমানাপ্রাচীরের ওপর দিয়ে কেরোসিন ঢেলে কাগজে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় ফ্যাসিস্টদের লোকজন জড়িত বলে তিনি মন্তব্য করেন।



