যুদ্ধের পর প্রথম পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর: নয়াদিল্লিতে মুসাদিক মালিক, তবে দ্বিপক্ষীয় বৈঠক নয়
পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছেছেন। ২০২৫ সালের মে মাসে প্রতিবেশী দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধের পর তিনিই প্রথম পাকিস্তানি ফেডারেল মন্ত্রী, যিনি ভারত সফরে গেলেন। ইসলামাবাদ ও নয়াদিল্লি উভয় পক্ষই জোর দিয়ে বলছে, এই সফর কঠোরভাবে বহুপক্ষীয় কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ।
মালিক অংশ নিচ্ছেন সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে। তিন দিনের এই আয়োজনের উদ্বোধন শুক্রবার সন্ধ্যায় করার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার ফোরামে ভাষণ দেওয়ার কথা রয়েছে মালিকের। কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার বলেছে, তাদের অংশগ্রহণ ‘সাংহাই চেতনার’ সঙ্গে সামঞ্জস্য রেখে সংলাপ, সহযোগিতা ও বোঝাপড়া এগিয়ে নিতে সক্রিয় এসসিও সদস্য রাষ্ট্র হিসেবে তাদের অবদানের প্রতিফলন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মালিক সভ্যতার মধ্যে সংলাপের গুরুত্ব নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এবং ফাঁকে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির গোয়া সফরের পর এটিই এ ধরনের প্রথম সফর। ভারতীয় গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ভারতের আমন্ত্রণ ছিল পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী আওরঙ্গজেব খান খিচির জন্য। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ৬ নভেম্বর শুধু বলেছিল, তারা আমন্ত্রণ পেয়েছে এবং পরামর্শের পর সিদ্ধান্ত নেবে। মালিককে কেন পাঠানো হলো, তা ইসলামাবাদ জানায়নি।
ইসলামাবাদভিত্তিক ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের (আইআরএস) সভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব জওহর সেলিম বলেছেন, পছন্দটা পাকিস্তানের নিজের। তাঁর ভাষায়, এ ধরনের ফোরামে কোনো দেশের প্রতিনিধি কে হবেন, সে বিষয়ে কোনো বাঁধাধরা নিয়ম নেই; আমন্ত্রিত রাষ্ট্র যাকে সবচেয়ে উপযুক্ত মনে করে, তাকেই মনোনীত করা তার এখতিয়ার। তিনি আরও বলেন, সভ্যতা শুধু ঐতিহ্য ও সংস্কৃতি নয়; এটি সমাজের সঙ্গে তার ভূমি, নদী ও পরস্পরের সম্পর্কের বিষয়ও।
সাবেক পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা খুররম দস্তগীর খান বলেছেন, এই পছন্দ ছিল ইচ্ছাকৃত। নিজের পছন্দের মন্ত্রী পাঠিয়ে পাকিস্তান ভারতের বয়ান মেনে নেওয়ার ধারণা তৈরি না করেই এসসিও সদস্য হিসেবে অংশ নিতে পারছে। তাঁর মতে, এটি ২০২৭ সালের শীর্ষ সম্মেলনের গঠনমূলক আয়োজক হিসেবে নিজেদের তুলে ধরার ইঙ্গিতও, যাতে মোদির অংশগ্রহণের দরজা কিছুটা খুলে যায়।
পাকিস্তান গত ১ সেপ্টেম্বর এসসিওর আবর্তিত সভাপতিত্ব গ্রহণ করেছে এবং ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে জোটের নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করবে। ওই মাসেই দুই দেশ তাদের স্বাধীনতার ৮০ বছর পূরণ করবে।
নয়াদিল্লি এই সফরকে সংকীর্ণ এসসিও কাঠামোর মধ্যেই রাখতে চাইছে। ২৮ অক্টোবরের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিষ্ঠিত রীতি অনুযায়ী ভারত সব এসসিও সদস্যের পাশাপাশি সংলাপ অংশীদার ও একজন পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তান নীতি পর্যালোচনা করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, পেহেলগাম হামলার পর তাদের একটি পাকিস্তান নীতি রয়েছে, সেই নীতিই বহাল আছে, কোনো পরিবর্তন হয়নি।
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে ২০২৫ সালের এপ্রিলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন; ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যা পরবর্তী যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে। ইসলামাবাদ কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানে ভারতের হাইকমিশনার থাকা শরৎ সাবরওয়াল বলেছেন, আমন্ত্রণটি ভারতের আয়োজক ভূমিকা থেকেই এসেছে। তাঁর ভাষায়, এটি এসসিও কাঠামোর একটি বৈঠক, যেখানে আয়োজক হিসেবে ভারতকে সব সদস্য দেশকে আমন্ত্রণ জানাতেই হয়; তাই এই মুহূর্তে এর মধ্যে গভীর কোনো অর্থ খোঁজার কারণ নেই। গত বছর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে এই ফোরামের প্রস্তাব দিয়েছিলেন মোদি নিজেই।
হিন্দুস্তান টাইমসের পররাষ্ট্রবিষয়ক সম্পাদক রেজাউল হাসান লস্কর বলেছেন, সরকার বজায় রেখেছে যে এটি এসসিও কাঠামোর বহুপক্ষীয় সম্পৃক্ততা এবং সন্ত্রাসের প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সম্পৃক্ততা হবে না; নতুন কোনো পন্থার পক্ষে ব্যাপক জনসমর্থনও চোখে পড়ে না।
২০১৭ সালে দুই দেশ এসসিওতে যোগ দেওয়ার পর থেকে এই জোটই তাদের একসঙ্গে আনার হাতে গোনা কয়েকটি ফোরামের একটি। ভুট্টো-জারদারির গোয়া সফর শেষ হয়েছিল প্রকাশ্য বাকযুদ্ধে; ভাষণে তিনি ভারতের নাম না নিয়ে ‘কূটনৈতিক পয়েন্ট তোলার জন্য সন্ত্রাসকে অস্ত্র বানানোর’ বিরুদ্ধে সতর্ক করেছিলেন, আর পরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁকে ‘সন্ত্রাস শিল্পের প্রচারক, ন্যায্যতাদাতা ও মুখপাত্র’ বলে অভিহিত করেছিলেন। দুজনের আলাদা দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। জয়শঙ্করের ২০২৪ সালের অক্টোবরে এসসিও সরকারপ্রধানদের বৈঠকে ইসলামাবাদ সফর তুলনামূলক শান্তভাবে কেটেছিল—শুভেচ্ছা বিনিময় হলেও আলোচনা হয়নি। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের এসসিও সমন্বয়ক অলোক দিমরি তিন দিন ইসলামাবাদে কাটান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে করমর্দন করেন।
পাকিস্তানের সাবেক হাইকমিশনার সালমান বশির আরও সরাসরি বলেছেন, এসসিও হলো সৌজন্যের আভাস বজায় রাখার একটি সুযোগ; এটিকে স্বাভাবিক অবস্থায় ফেরার পথ মনে করা ঠিক নয়। দস্তগীরের মতে, ২০২৪ সালের অক্টোবরে জয়শঙ্করের ইসলামাবাদ সফর এত হইচই সত্ত্বেও অচলাবস্থাতেই শেষ হয়েছিল; ২০২৫ সালের মে মাসের প্রকাশ্য শত্রুতা তা ঠেকাতে পারেনি।
এসসিওর ক্যালেন্ডারের বাইরে প্রায় প্রতিটি দ্বিপক্ষীয় সংযোগই স্থবির। পেহেলগাম হামলার পর থেকে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি ‘স্থগিত’ রেখেছে ভারত। ৩১ আগস্ট হেগের একটি সালিশি আদালত রায় দেয়, ভারত একতরফাভাবে চুক্তিটি স্থগিত করতে পারে না; নয়াদিল্লি আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে। সেপ্টেম্বরে আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌযান সংঘর্ষে জড়ায়, যার প্রতিবাদে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ভারত। ২০১৯ সাল থেকে কোনো দেশের রাজধানীতেই অপর দেশের হাইকমিশনার নেই। তবে আনুষ্ঠানিক পর্যায়ের নিচে যোগাযোগ অব্যাহত রয়েছে; লস্কর মে মাসের সংঘাতের কয়েক মাস পর থেকেই একাধিক ট্র্যাক ১.৫ ও ট্র্যাক ২ সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করেছেন।
পাকিস্তানের সভাপতিত্ব আগামী আগস্টের আগে একের পর এক পরীক্ষা নিয়ে আসবে। বিশকেকে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে এসসিও লাহোরকে ২০২৬-২৭ সালের জন্য তার পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করেছে। সবচেয়ে বড় পরীক্ষা হবে নেতাদের শীর্ষ সম্মেলনটিই। ভারতীয় কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তারিখ ঘনিয়ে এলে প্রতিনিধিত্বের স্তর নিয়ে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। লস্করের মতে, কোনো বড় অগ্রগতি অনুমান করা কঠিন, তবে এমন একটি সফর সব ধরনের সম্ভাবনার পথ খুলে দেওয়ার মাধ্যম হতে পারে।

