মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার ২০ নভেম্বর ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পেছন থেকে সোহাগ এলিট পরিবহনের যাত্রীবাহী বাসটি সজোরে টহল গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত। তাঁদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




