…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

বিয়ে ও সন্তান চান তরুণেরা, কিন্তু সামর্থ্য নেই: জাতিসংঘের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
বিয়ে ও সন্তান চান তরুণেরা, কিন্তু সামর্থ্য নেই: জাতিসংঘের প্রতিবেদন
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম বিয়ে ও সন্তান নিতে আগ্রহী হলেও অর্থনৈতিক সামর্থ্যের অভাবে সেই মাইলফলকগুলো অর্জন করতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক নতুন গবেষণায় এই চিত্র উঠে এসেছে।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ইউএনএফপিএর ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন’ (বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি) প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক স্বাধীনতা, স্থিতিশীল কর্মসংস্থান থেকে শুরু করে বিয়ে ও সন্তান প্রতিপালনের মতো প্রাপ্তবয়স্ক জীবনের প্রথাগত মাইলফলক অর্জনে তরুণেরা সংগ্রাম করছে। আগের যেকোনো প্রজন্মের চেয়ে বর্তমান তরুণেরা বেশি শিক্ষিত ও তথ্যপ্রযুক্তিতে বেশি দক্ষ হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় চাকরি, আবাসন ও আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে লাখ লাখ তরুণ-তরুণী কঠোর সংগ্রামের মুখোমুখি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাব-সাহারা আফ্রিকায় এই চাপ সবচেয়ে বেশি। সীমিত অর্থনৈতিক সুযোগ ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে সেখানকার সরকারগুলো ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

তরুণেরা শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে বড় বাধার সম্মুখীন হচ্ছে বলে প্রতিবেদনে দেখা যায়। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, সেনেগালের এক-তৃতীয়াংশের বেশি তরুণ এবং মালির ৩০ শতাংশ তরুণ বেকার।

বৈশ্বিক চিত্রে, বিশ্বব্যাপী প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন কোনো ধরনের কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের মধ্যে নেই। নিম্ন আয়ের দেশগুলোতে প্রতি পাঁচজন তরুণ প্রাপ্তবয়স্কের মধ্যে চারজনেরই কোনো সুনির্দিষ্ট বা স্থায়ী বেতনভুক্ত চাকরি নেই।

ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিনা কেইটা প্রতিবেদন প্রকাশের দিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘাটতি তরুণদের উচ্চাকাঙ্ক্ষায় নয়, ঘাটতি রয়েছে তাদের সুযোগে। আজকের তরুণেরা আগের যে কোনো প্রজন্মের চেয়ে বেশি শিক্ষিত, তথ্যের অবাধ প্রবেশাধিকার নিয়ে বেড়ে উঠেছে এবং তাদের শেখানো হয়েছে যে তাদের অধিকার রয়েছে। জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির কল্যাণে তারা সাফল্য প্রত্যাশা করতেই পারে। এই সব মানদণ্ডে তাদের ইতিহাসের সবচেয়ে সফল তরুণ প্রজন্ম হওয়ার কথা ছিল, কিন্তু তাদের অনেকে এখনো সেই সফলতার মুখ দেখেনি।’

ইউএনএফপিএ বিশ্বের ৭৩টি দেশ ও ভূখণ্ডের ১ লাখের বেশি তরুণ প্রাপ্তবয়স্কের ওপর এই জরিপ চালায়। জরিপের ফল তরুণ প্রজন্ম বিয়ে বা সন্তান গ্রহণে অনিচ্ছুক—এমন প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে।

জরিপে ৯০ শতাংশের বেশি উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা অন্তত একটি সন্তান চান। ৭০ শতাংশ তরুণ বলেছেন, বিয়েই তাঁদের জন্য আদর্শ সম্পর্কের রূপ। উত্তরদাতাদের অর্ধেকের বেশি জানিয়েছেন, সঙ্গী খোঁজার ক্ষেত্রে প্রধান বাধা আর্থিক নিরাপত্তাহীনতা।

প্রায় তিন-চতুর্থাংশ তরুণ সন্তান নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সংকটকে প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করেছেন। প্রায় ৯০ শতাংশ উত্তরদাতা বলেছেন, পিতা-মাতা হওয়ার প্রস্তুতির জন্য আর্থিক নিরাপত্তা একটি মৌলিক পূর্বশর্ত।

প্রতিবেদনে সাব-সাহারা আফ্রিকার মেয়েদের বিশেষ চ্যালেঞ্জের কথাও তুলে ধরা হয়েছে, যেখানে দারিদ্র্য, বাল্যবিয়ে ও কিশোরী বয়সে গর্ভধারণ শিক্ষা অর্জনে বাধা সৃষ্টি করে চলেছে। বেনিনে আর্থিক সংকট, বাল্যবিয়ে ও গর্ভধারণের কারণে তিনজনের মধ্যে একজন মেয়ে মাধ্যমিক শিক্ষার প্রথম পাঠ শেষ করতে পারে না।

আফ্রিকার আরেক দেশ চাদে মাধ্যমিক স্কুলে ভর্তির হার মাত্র ৪১ শতাংশ এবং ৬০ শতাংশের বেশি নারীর ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়।

কিছু ইতিবাচক উদাহরণও প্রতিবেদনে রয়েছে। নাইজেরিয়ায় বিনা মূল্যে শিক্ষা, দুপুরের খাবার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ফলে ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে মেয়েদের মাধ্যমিক শিক্ষা শেষ করার হার এক-চতুর্থাংশ বেড়েছে এবং বাল্যবিয়ে কমেছে।

তবে তরুণদের চ্যালেঞ্জ কেবল অর্থনীতিতে সীমাবদ্ধ নয়; যুদ্ধ ও সংঘাতের মধ্যেও তা বিস্তার লাভ করেছে। ১৯৯০ সালের পর থেকে সক্রিয় যুদ্ধক্ষেত্রের ৫০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী তরুণের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে বর্তমানে ৩৪ কোটিতে পৌঁছেছে।

এর পাশাপাশি আন্তর্জাতিক সাহায্য ও অর্থায়ন হ্রাসের কারণে স্বাস্থ্যসেবা ও শিক্ষার অগ্রগতি ঝুঁকির মুখে পড়েছে। ইউএনএফপিএ সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক সহায়তার এই ঘাটতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে অন্তত ২ কোটি ২০ লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে, অথচ বরাদ্দ স্বাভাবিক থাকলে এই মৃত্যুগুলো সহজেই ঠেকানো যেত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…