এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগে রিজভীর তীব্র নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বুধবার গভীর রাতে এবি পার্টির কার্যালয়ের নিচে পার্ক করা মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিবেদনে এই হামলার জন্য আওয়ামী দুর্বৃত্তদের দায়ী করা হয়েছে।
আজ এ ঘটনায় দেওয়া এক বিবৃতিতে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
রিজভী আরও বলেন, এ ধরনের অগ্নিসংযোগ, হামলা, মানুষ হত্যা ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের অকুতোভয় জনতাকে ভীত করা যাবে না।
তিনি বলেন, জনগণ আওয়ামী স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে যেমন বাধ্য করেছে, ঠিক একইভাবে সন্ত্রাসীদের বর্তমান নানান অরাজকতা-অপতৎপরতা রুখে দেবে। তাঁর মতে, আগুন সন্ত্রাস ও খুন-জখম চালিয়ে ফ্যাসিস্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ন্যক্কারজনক ও বর্বরোচিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য এসব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন রিজভী।
বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।



