জাহাজ থেকে জাহাজে ইরানি পণ্য নিলেও থামানো হবে: অবরোধ নিয়ে নতুন মার্কিন হুঁশিয়ারি
ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। জাহাজ থেকে জাহাজে হস্তান্তরের (শিপ-টু-শিপ ট্রান্সফার) মাধ্যমে ইরানি পণ্য গ্রহণ করা জাহাজগুলোর বিরুদ্ধেও সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক পরামর্শে বলেছে, ইরানের বন্দরে বা দেশটির উপকূল থেকে পণ্য বোঝাই করা জাহাজের কাছ থেকে পণ্য গ্রহণ করা জাহাজগুলোকে ‘অবরোধ এড়ানো’ হিসেবে বিবেচনা করা হতে পারে।
সেন্টকম বলেছে, ‘অবরোধের আওতায় থাকা কোনো জাহাজের সঙ্গে জাহাজ-থেকে-জাহাজ হস্তান্তরের মাধ্যমে পণ্য গ্রহণ করা যেকোনো জাহাজকে অবরোধ এড়ানো হিসেবে বিবেচনা করা হতে পারে, এমনকি সেটি ইরানের বন্দর বা উপকূলে প্রবেশ না করলেও।’
এমন জাহাজ থামানো, তল্লাশি করা, গতিপথ বদলে দেওয়া, আটক করা অথবা পণ্যের উৎস ইরানি বন্দরে ফেরত পাঠানো হতে পারে বলেও জানিয়েছে সেন্টকম। নির্দেশ না মানা জাহাজের বিরুদ্ধে বলপ্রয়োগসহ প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানের বন্দর ও তেল রপ্তানির ওপর ওয়াশিংটনের অবরোধ চললেও এই ফাঁক দিয়ে কিছু ইরানি পেট্রোলিয়াম পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাচ্ছে। নতুন পদক্ষেপের লক্ষ্য সেই পথ বন্ধ করা। ওয়াশিংটন প্রথমে ১৩ এপ্রিল এই অবরোধ আরোপ করে, তেহরানের সঙ্গে সমঝোতার পর জুনে তা তুলে নেয় এবং চুক্তি ভেস্তে যাওয়ায় ১৪ জুলাই আবার আরোপ করে।
সেন্টকমের এই ঘোষণায় ইরানি কর্তৃপক্ষ এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তেহরান বারবার নিজের বাণিজ্য সীমিত করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে আসছে। ইরানি জাহাজে হামলা হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়ে আসছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিতে বুধবার প্রকাশিত এক নিবন্ধে অবরোধ ভেঙে একদল তেল ট্যাংকার পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, মার্কিন বাহিনী বাধা দিলে ইরান আঞ্চলিক জ্বালানি অবকাঠামো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে।
এই মাসের শুরুতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছিলেন, আমেরিকা যে ধরনের অর্থনৈতিক অবরোধ চায়, তা কখনোই অর্জন করতে পারবে না। ইরানি জাহাজে মার্কিন হামলা হলে আরও কঠোরভাবে পাল্টা আঘাত হানা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অবরোধের কিছু অংশ এড়াতে পারলেও বড় আকারে অপরিশোধিত তেল রপ্তানি আবার শুরু করা ইরানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরুর আগে ইরান প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত, যার সিংহভাগ কিনত চীন।
অক্টোবরে রয়টার্স জানিয়েছিল, জুলাইয়ের পর থেকে ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী অন্তত আটটি ট্যাংকার ওমান উপসাগর ছেড়েছে। বৃহস্পতিবার রয়টার্স ট্যাংকারট্র্যাকার্স ডটকমের বরাত দিয়ে জানায়, উপসাগরে জাহাজ-থেকে-জাহাজ হস্তান্তরের মাধ্যমে একটি জাহাজ ইরানি অপরিশোধিত তেল বোঝাই করছিল। পণ্যটি গন্তব্যে পৌঁছালে জুলাইয়ে অবরোধ পুনর্বহালের পর এটিই হবে প্রথম সফল অপরিশোধিত তেল রপ্তানি। তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা অধ্যয়নের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, ইরান সামরিকভাবে অবরোধ ভাঙতে পারবে না, কারণ আমেরিকার নৌ শ্রেষ্ঠত্ব অপ্রতিরোধ্য। তবে প্রতিটি চালান, মধ্যস্বত্বভোগী ও জাহাজ-থেকে-জাহাজ হস্তান্তর পাহারা দেওয়া ইরানি বন্দর থেকে ছাড়া ট্যাংকার থামানোর চেয়ে অনেক জটিল।
ক্রিগের মতে, ইরানের উদ্দেশ্য হতে পারে অবরোধকে শারীরিকভাবে পরাজিত করা নয়, বরং এর প্রয়োগকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অসহনীয় করে তোলা। তাঁর ভাষায়, এটি সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিগুলোর একটি হতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধের আগে বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। প্রতিশোধ হিসেবে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, আর তেহরান বারবার সতর্ক করেছে যে ইয়েমেনে তাদের মিত্র হুতিরা বাব এল-মান্দেব প্রণালিও একইভাবে বন্ধ করে দিতে পারে।



