…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

ফল খাওয়ায় টিয়ার মতো দক্ষ ছিল ‘নরকের মুরগি’ ডাইনোসর, জানাল নতুন গবেষণা

নিজস্ব প্রতিবেদক
ফল খাওয়ায় টিয়ার মতো দক্ষ ছিল ‘নরকের মুরগি’ ডাইনোসর, জানাল নতুন গবেষণা
ছবি: সংগৃহীত

৬ কোটি ৫০ লাখ বছরেরও বেশি আগে পৃথিবীতে বিচরণ করত ছোট আকারের এক অদ্ভুত ডাইনোসর। এর নাম ‘ইনফার্নোগ্যালাস’, যার অর্থ ‘নরকের মুরগি’। মাংসাশী ডাইনোসরের মতো ভয়ংকর শিকারি না হলেও ফল খাওয়ার ক্ষেত্রে এটি ছিল বেশ দক্ষ।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় ডাইনোসরটির চোয়াল ও ঠোঁটের গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, আধুনিক টিয়ার মতোই বড় বীজ থেকে ফলের শাঁস আলাদা করে খেতে পারত প্রাণীটি। গবেষণাটি ১০ অক্টোবর ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, পাখি নয়—এমন ডাইনোসরের মধ্যে ফল খাওয়ার জন্য বিশেষ শারীরিক অভিযোজনের এটিই প্রথম প্রমাণ।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে এক জীবাশ্ম সংগ্রাহক ডাইনোসরটির কঙ্কালের বড় একটি অংশ খুঁজে পান। পরে কানাডার রয়্যাল অন্টারিও জাদুঘরের জীবাশ্মবিদ ডেভিড ইভানসকে বিষয়টি জানানো হয়। পরবর্তী কয়েক বছরে মন্টানা, নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটায় আরও চারটি আংশিক কঙ্কাল আবিষ্কৃত হয়।

ডাইনোসরটি ক্রিটেশিয়াস যুগে বসবাসকারী ঠোঁটযুক্ত থেরোপডের একটি পাখিসদৃশ উপগোষ্ঠী ওভিরাপটরোসরের অন্তর্ভুক্ত। এর ওজন ছিল আনুমানিক ১২ কেজি, অনেকটা একটি টার্কি পাখির সমান।

যে ভূতাত্ত্বিক স্তরে জীবাশ্মটি পাওয়া গেছে, তার নাম হেল ক্রিক। আর মুরগির মতো দেখতে হওয়ায় বিজ্ঞানীরা এর নাম দেন ‘ইনফার্নোগ্যালাস’ বা নরকের মুরগি।

যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ গ্রেগ ফানস্টন ও তাঁর সহকর্মীরা প্রাণীটির মাথার খুলি এবং চোয়ালের পেশি পুনর্গঠন করে দেখতে পান, খাবার চিবানোর সময় এটি অন্যান্য ডাইনোসরের মতো চোয়াল ওপর-নিচে নাড়াত না; বরং সামনে-পেছনে সরাত।

গবেষকদের মতে, এই পদ্ধতি আধুনিক ফলভুক টিয়ার খাবার খাওয়ার কৌশলের সঙ্গে মিলে যায়। তাঁদের ধারণা, জিহ্বা ও চোয়ালের বিশেষ নড়াচড়া কাজে লাগিয়ে বড় বীজ থেকে ফলের শাঁস আলাদা করত প্রাণীটি।

ক্রিটেশিয়াস যুগে ফুল ও ফল উৎপাদনকারী উদ্ভিদের দ্রুত বিস্তার ঘটছিল। বিজ্ঞানীদের ধারণা, ওই সময় উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক বিবর্তন ঘটছিল। নতুন এই আবিষ্কার বলছে, ডাইনোসরদের খাদ্যাভ্যাস ও পরিবেশগত ভূমিকা সম্পর্কে প্রচলিত ধারণায় এখনো অনেক অজানা অধ্যায় রয়ে গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু, পিন ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডিতে প্রবেশ

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এই সুবিধায় গ্রাহকেরা প্রতিবার পিন না দিয…

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই
প্রযুক্তি

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই

বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।…

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো
প্রযুক্তি

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো

এক জোড়া মহাকাশযান শনিবার বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। সৌরজগতের ভেতরের অংশ পেরিয়ে আট বছরের দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছেছে সূর্যের সবচেয়ে কাছের এই…

প্রযুক্তি

স্কুলের জন্য এআই ছাড়া সার্চের দাবিতে পিটিশনে সই সাড়ে পাঁচ শতাধিক গুগল কর্মীর, ছয় শহরে বিক্ষোভ

গুগলের ৫৫০ জনের বেশি কর্মী একটি পিটিশনে সই করেছেন, যেখানে দাবি করা হয়েছে—স্কুলগুলোকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছাড়া গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে …