‘বিএনপি ক্ষমতায় আছে বলেই আমি উপাচার্য হয়েছি, লুকানোর কিছু নেই’: জবি উপাচার্য রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেছেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই তিনি উপাচার্য হয়েছেন এবং এতে লুকানোর কিছু নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে শুক্রবার তিনি এ কথা বলেন।
জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলটি হয়।
উপাচার্য বলেন, ‘বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কী আছে? মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’
তিনি বলেন, ‘আমাদেরও মাঝেমধ্যে অনেক সময় ট্যাগ শুনতে হয় বিএনপির ভাইস চ্যান্সেলর। এখানে ট্যাগ দেওয়ার কী আছে? বহু সুশীল লোকজন তো ছিল, দেখেছি আমরা ৫ আগস্টের পরে। তাদের পরিচয় কী, আর কাজ কী, সেটাও আমরা দেখেছি। অবশ্যই আমার একটি পরিচয় আছে। আওয়ামী লীগের সেই ১৭ বছরের জুলুম সহ্য করেও আমি সেই পরিচয়ের কথা বলেছি। যত দিন বেঁচে থাকব, তত দিন বলেই যাব।’
তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার কারণ ব্যাখ্যা করে উপাচার্য বলেন, কেউ যদি দেশটাকে ভালোবাসেন, দেশের নাগরিক হয়ে দেশকে সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তাকে দোয়া করতে হবে।
উপাচার্য বলেন, বিগত ১৫ থেকে ১৬ বছর তারা কোন শ্রেণির নাগরিক ছিলেন, তা নিজেরাও বুঝতে পারেননি। তাদের বাক্স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা ও মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো স্বাধীনতা ছিল না। এ কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হয়েছে এবং ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলায় আল্লাহ তাদের দীর্ঘদিনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বহু দিনের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক অধিকার আদায়ে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। হওয়ার পর তিনি বলেছেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ উপাচার্যের ভাষ্য, প্রধানমন্ত্রী কাজ করতে চান এবং সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চান। বাংলাদেশের সুনাগরিক হয়ে দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করলে সবার স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, গত দুই বছর অনেকে নির্বিঘ্নে দেশে বসবাস করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে বিএনপির দুজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য বলেন, ‘গতকাল রাতে দেখেছি কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে। তো ১৫-১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ এই বাংলাদেশে কারও দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়, যারা সুনাগরিক আপনাদের সকলকে রুখে দাঁড়ানো উচিত, সবাইকে প্রতিবাদ করা উচিত।’
তিনি বলেন, যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং এর কোনো বিকল্প নেই।



