অধ্যাপক ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ঘটনাটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ বলে অভিযোগ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
শুক্রবার দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এনসিপি এই দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ধারাবাহিকতায় এবার অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একটি চিহ্নিত ও কার্যক্রম নিষিদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি।
এনসিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতামূলক তৎপরতা কঠোর হাতে দমন করার দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে এনসিপি আরও বলেছে, দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে।



