হাইতিতে বিস্ফোরক নাড়াচাড়া করতে গিয়ে নিহত দুই সালভাদর সেনা
হাইতিতে বিস্ফোরক সামগ্রী নাড়াচাড়া করার সময় এল সালভাদরের দুই সেনা নিহত হয়েছেন। এল সালভাদরের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। অক্টোবরের শেষের দিকে প্রায় আড়াই হাজার সেনা মোতায়েনের পর এটিই প্রথম প্রাণহানি।
সেনাবাহিনী শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে জানায়, একটি ক্যাম্পে বিস্ফোরণে আরও দুজন আহত হয়েছেন এবং তাঁরা চিকিৎসা নিচ্ছেন। নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এই মৃত্যু ঘটল প্রেসিডেন্ট নাইব বুকেলে হাইতিতে সেনা পাঠানোর এক মাসের কিছু বেশি সময় পর। তিনি চারজন বিমান প্রযুক্তিবিদকে খুঁজে বের করার উদ্ধার অভিযানের ঘোষণা দিয়ে সেনা পাঠিয়েছিলেন। ১৮ অক্টোবর রাজধানী পোর্ত-অ-প্রাঁসের কাছে তাঁদের গাড়িতে হামলার পর তাঁরা নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার সময় তাঁরা জাতিসংঘ-সমর্থিত গ্যাং দমন বাহিনীর (জিএসএফ) সঙ্গে কাজ করছিলেন।
উদ্ধার অভিযান এরপর থেকে হাইতির গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযানে রূপ নিয়েছে। সালভাদরের সেনারা হাইতির ও আন্তর্জাতিক বাহিনীর পাশাপাশি কাজ করছেন।
সালভাদরের কর্মকর্তারা বলেছেন, চার নিখোঁজ প্রযুক্তিবিদকে খুঁজে পেলেই তাঁরা চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।
৪০০ মাওজো গ্যাংয়ের নেতা উইলসন জোসেফ এ মাসের শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন, ওই ব্যক্তিরা মারা গেছেন। তবে তিনি কোনো প্রমাণ দেননি। এল সালভাদরের সরকার বলছে, তাঁরা বেঁচে আছেন।
হাইতির সরকার ইঙ্গিত দিয়েছে, তারা মোতায়েনের মেয়াদ বাড়াতে চায়। চলতি সপ্তাহের শুরুতে হাইতি ও অন্যান্য জায়গায় বড় বড় সমাবেশে কিছু হাইতিয়ান রাস্তায় নেমে সেনাদের এবং বুকেলের প্রতি সমর্থন জানান।
হাইতি ও এল সালভাদরের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির শর্তগুলো প্রকাশ্যে জানানো হয়নি। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, বেশির ভাগ সালভাদর সেনা জিএসএফের বাইরে কাজ করছেন এবং ওই মিশনের জন্য জাতিসংঘের প্রতিবেদন ব্যবস্থার আওতায় পড়েন না।
বুকেলে সামাজিক মাধ্যমে এই হস্তক্ষেপের প্রচার করছেন। গ্যাং নেতাদের বাড়িতে হামলার ভিডিও পোস্ট করছেন তিনি। হাইতির কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে জানান, তাঁরা জাতীয় ফুটবল স্টেডিয়ামের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন।
বিশ্লেষকেরা অবশ্য প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক অগ্রগতিতে সালভাদরের মোতায়েন কতটা অবদান রেখেছে এবং সেই অগ্রগতি টিকবে কি না। বেসামরিকদের ঝুঁকি নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা নিয়োগের নিয়ম ও সেনাদের কীভাবে পর্যবেক্ষণ করা হয়, সে বিষয়ে স্বচ্ছতার অভাবের কথা বলেছেন।
বৃহস্পতিবার বুকেলে আনুষ্ঠানিকভাবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য তাঁর প্রার্থিতার প্রচার শুরু করেছেন। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

