স্মার্ট চশমায় সাক্ষীদের গোপন ভিডিও, দোষ স্বীকার আলাবামার নারীর

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ৩৬ বছর বয়সী টিয়েরা শাটালিয়া ডগলাস একটি ফেডারেল মাদক মামলার সাক্ষীদের প্রতিশোধের লক্ষ্যে ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেছেন। বৃহস্পতিবার তিনি আদালতে এই স্বীকারোক্তি দেন।
মামলাটি যুক্ত ছিল গ্লেনি ‘লিটল ম্যান’ ম্যাকগি ও তাঁর স্ত্রী এচান্দজা ম্যাক্সির বিরুদ্ধে জানুয়ারি মাসে হওয়া বিচারের সঙ্গে। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, এই দম্পতি ও এচান্দজার বোন এক্সাভিয়েরিয়া ম্যাক্সি একটি বহু মিলিয়ন ডলারের মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন, যারা বিপুল পরিমাণ কোকেন ও ফেন্টানিল ছড়িয়ে দিত এবং শিশুদের কুরিয়ার হিসেবে ব্যবহার করত।
ওই বিচারের পরের আট মাস ধরে ডগলাস বারবার সাক্ষীদের হয়রানি করেছেন এবং তাঁদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথির বরাতে জানা গেছে, ডগলাস মেটার স্মার্ট চশমা ব্যবহার করে সাক্ষীদের গোপনে ভিডিও ধারণ করতেন, বিশেষ করে সাক্ষ্য দিয়ে আদালত ভবন থেকে বের হওয়ার সময়। পরে সেই ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে সাক্ষীদের প্রকাশ্যে চিহ্নিত করা ও ভয় দেখানোই ছিল তাঁর উদ্দেশ্য।
১৬ জানুয়ারি এক সাক্ষী জানান, এক বন্ধুর কাছ থেকে তিনি একটি ভিডিও পেয়েছেন, যেখানে সাক্ষ্য শেষে আদালতকক্ষ থেকে বের হওয়ার দৃশ্য ধরা পড়েছে।
একটি ভিডিওতে ডগলাসকে পাশের কাউকে জিজ্ঞেস করতে শোনা যায়, ওই সাক্ষীকে কেউ চেনে কি না। সেখানে তিনি বলেন, লোকটি সাক্ষ্য দিচ্ছে, তাকে আঘাত করা দরকার।
অভিযোগে আরও বলা হয়েছে, ডগলাস চ্যাটজিপিটি ব্যবহার করে একটি ফ্লায়ার তৈরি ও বিতরণ করেছিলেন, যেখানে এক সাক্ষীকে ‘স্নিচ’ বা তথ্য ফাঁসকারী হিসেবে চিহ্নিত করা হয়।
তিনি ডিসকর্ডে বার্তা পাঠিয়ে এক সাক্ষীর নাবালক সন্তানকে শনাক্ত করেন এবং শিশুটি কোন স্কুলে পড়ে, তাও জানিয়ে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরেক সাক্ষীর নম্বর তিনি নিজের ফোনে ‘দ্য র্যাট’ নামে সংরক্ষণ করেছিলেন এবং সাক্ষ্য দেওয়ার জন্য তাঁকে বারবার বার্তা পাঠিয়ে কটাক্ষ করেছেন বলে অভিযোগ রয়েছে।
কর্মকর্তারা আদালত ভবনের ভেতরের নজরদারি ক্যামেরার ফুটেজসহ প্রমাণ সামনে ধরলে ডগলাস স্বীকারোক্তি দেন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে তাঁর সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। এই অপরাধে তাঁর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যদিও প্রসিকিউটররা নমনীয় সাজার সুপারিশে সম্মত হয়েছেন বলে জানা গেছে।


