এলএসইউ তারকা ফুলওয়াইলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কমে গেল হালকা অপরাধে

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির (এলএসইউ) নারী বাস্কেটবল দলের খেলোয়াড় মিলেসিয়া ফুলওয়াইলি সাম্প্রতিক এক ট্রাফিক ঘটনায় হালকা মাত্রার (মিসডিমিনর) ট্রাফিক অভিযোগের মুখোমুখি হবেন। প্রথমে তাঁর বিরুদ্ধে যেসব গুরুতর (ফেলোনি) অভিযোগে বুকিং দেওয়া হয়েছিল, সেগুলো এখন হালকা অপরাধ হিসেবেই বিচার করা হবে বলে শুক্রবার নিশ্চিত করেছে ইস্ট ব্যাটন রুজ ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়।
কর্তৃপক্ষের অভিযোগ, ট্রাফিক স্টপের সময় ফুলওয়াইলি কর্মকর্তাদের এড়িয়ে পালানোর চেষ্টা করেছিলেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিলার মুর বলেছেন, পালানো এবং একজন কর্মকর্তাকে প্রতিরোধ করার অভিযোগ দুটি হালকা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
ফুলওয়াইলিকে অভিযোগগুলো নিষ্পত্তির জন্য একটি ডাইভারশন কর্মসূচিতেও পাঠানো হবে বলে জানানো হয়েছে। ডাইভারশন কর্মসূচির মাধ্যমে সাধারণত অভিযুক্তকে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়ার বাইরে শর্তসাপেক্ষে মামলা নিষ্পত্তির সুযোগ দেওয়া হয়।
বুকিংয়ের সময় তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে যেসব অভিযোগ তালিকাভুক্ত হয়েছিল, তার মধ্যে ছিল অ্যাগ্রাভেটেড ব্যাটারি ও অ্যাসল্ট। এসব অভিযোগের ভিত্তি ছিল এই দাবি যে তিনি তাঁর গাড়ি চালিয়ে একজন কর্মকর্তার গাড়িতে ধাক্কা দিয়েছিলেন। তবে ফুলওয়াইলি পুলিশের এই বক্তব্য অস্বীকার করেছেন।
স্টেট পুলিশের ক্যাপ্টেন রাসেল গ্রাহাম শুক্রবার বলেন, তাঁর সংস্থা মুরের সঙ্গে প্রমাণ পর্যালোচনা করেছে এবং তাঁর সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে। স্টেট পুলিশ এক লিখিত বিবৃতিতে বলেছে, ‘সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর পরিস্থিতি ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে অভিযোগগুলো সংশোধন করা হয়েছে।’
গ্রেপ্তারের পর থেকে ফুলওয়াইলি এলএসইউর হয়ে আর কোনো ম্যাচে মাঠে নামেননি। তিনি দলে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
এলএসইউর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফুলওয়াইলি পুলিশ ও তাঁর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘শনিবার রাতের ঘটনাটি এমন এক পরিস্থিতিতে গড়িয়েছিল, যা কখনোই ঘটা উচিত ছিল না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এবং নিজেদের টাইগার বলে পরিচয় দেওয়া প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার পরিবার এবং যাঁরা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন, তাঁদের কাছেও আমি ক্ষমা চাই।’
ঘটনাটি ঘটেছিল ব্যাটন রুজে টাইগার স্টেডিয়ামের কাছে, যখন এলএসইউ ও টেক্সাসের মধ্যকার ফুটবল ম্যাচটি শেষ হচ্ছিল। ফুলওয়াইলি বলেন, ‘নিয়ম ও আইন সবার জন্যই প্রযোজ্য, ব্যাটন রুজে খেলার রাতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্দেশও এর মধ্যে পড়ে। ওই কর্মকর্তারা যে কাজ করেন, আমি তা সম্মান করি এবং আইনি প্রক্রিয়াকে তার নিজের গতিতে চলতে দেব।’
তিনি আরও বলেন, তাঁর মনোযোগ এখন এই কর্মসূচি তাঁর কাছে যা চায় তা করা এবং যাঁরা তাঁর ওপর নির্ভর করেন, তাঁদের আস্থা ফিরে পাওয়ার দিকে। মাঠের পারফরম্যান্সের দিক থেকে ফুলওয়াইলি গত ১৩ নভেম্বর ডেনভার বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এলএসইউর ১০১-৩৭ ব্যবধানের জয়ের ম্যাচে মৌসুমের সর্বোচ্চ ২৩ পয়েন্ট করেছিলেন।




