…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মাংস না খেয়েও আয়রনের ঘাটতি মেটানোর পাঁচ উপায়

নিজস্ব প্রতিবেদক
মাংস না খেয়েও আয়রনের ঘাটতি মেটানোর পাঁচ উপায়
ছবি: সংগৃহীত

শরীরে আয়রন বা লৌহের ঘাটতি হলে সাধারণত কলিজা বা লাল মাংস খাওয়ার কথা ভাবা হয়। কিন্তু স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত উদ্বেগ কিংবা আকাশচুম্বী দামের কারণে অনেকে এখন মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। এদিকে বিশ্বজুড়ে প্রতি তিনজনে একজন ভুগছেন আয়রনের অভাবে।

সারাক্ষণ ক্লান্তি, দুর্বলতা কিংবা অল্পতে হাঁপিয়ে ওঠা—এসবই শরীরে আয়রন কমে যাওয়ার লক্ষণ। মাংস খাওয়া বাদ দিলেও উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন পাওয়া যায়। তবে ঠিক কতটুকু আয়রন পাওয়া যাবে, তা কেবল কী খাওয়া হচ্ছে তার ওপর নির্ভর করে না; কীভাবে রান্না করে বা কার সঙ্গে মিশিয়ে খাওয়া হচ্ছে, তার ওপরও অনেকাংশে নির্ভর করে। মাংস ছাড়াই শরীরের আয়রন শোষণের ক্ষমতা বাড়িয়ে দেওয়ার পাঁচটি উপায় রয়েছে।

প্রথম উপায়টি শাক রান্নার পদ্ধতি নিয়ে। পালংশাকে প্রচুর আয়রন থাকে, তথ্যটি সত্য। কিন্তু কাঁচা পালংশাক থেকে শরীর খুব সামান্যই আয়রন শোষণ করতে পারে। কারণ পালংশাক, বিট পাতা বা সুইস চার্ডের মতো শাকে অক্সালেট নামক এক ধরনের যৌগ থাকে, যা আয়রন আটকে রাখে। তবে এই শাকগুলো সেদ্ধ করে নিলে অক্সালেট বেরিয়ে যায় এবং শরীর সহজে আয়রন শোষণ করতে পারে। অন্যদিকে লেটুস কিংবা বাঁধাকপির মতো শাকে অক্সালেট কম থাকে, তাই এগুলো কাঁচা বা হালকা ভাপিয়ে খেলে ভিটামিন সি অটুট থাকে, যা আয়রন শোষণে সাহায্য করে।

দ্বিতীয় উপায় হলো ভিটামিন সির সাহায্য নেওয়া। উদ্ভিজ্জ উৎস বা নন-হিম আয়রন শরীর মাংসের তুলনায় বেশ ধীরে শোষণ করে। লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদার মতে, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণের ক্ষমতা বাড়াতে ভিটামিন সি দারুণ কার্যকর। তাই ডাল, ছোলা বা শাকসবজি খাওয়ার সময় খাবারের ওপর এক টুকরো লেবুর রস চিপে নেওয়া যেতে পারে। অথবা সকালের নাশতার সঙ্গে এক গ্লাস কমলার রস রাখা যেতে পারে।

তৃতীয় উপায়টি হলো গাঁজন বা ফার্মেন্টেশন। খাবার প্রক্রিয়াজাতকরণের এই পদ্ধতি আয়রন শোষণে জাদুর মতো কাজ করে। শস্যদানা, বাদাম ও বীজে প্রাকৃতিকভাবে ফাইটিক অ্যাসিড থাকে, যা শরীরের আয়রন গ্রহণে বাধা দেয়। কিন্তু খাবার ফার্মেন্টেড করা হলে এই ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। তাই সাধারণ পাউরুটির বদলে সাওয়ারডো ব্রেড বেছে নেওয়া যায়, যা আয়রন শোষণে অনেক বেশি সহায়ক।

চতুর্থ বিষয়টি ফর্টিফায়েড খাবার নিয়ে সতর্কতা। বাজারে প্রচলিত অনেক ব্রেকফাস্ট সিরিয়াল বা পাউরুটিতে আলাদাভাবে আয়রন যোগ করা থাকে, যাকে ফর্টিফায়েড খাবার বলা হয়। কিন্তু ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, খাবারের স্বাদ ও রং ঠিক রাখতে প্রস্তুতকারকেরা এমন ধরনের আয়রন ব্যবহার করেন, যা শরীর ভালোভাবে শোষণ করতে পারে না। তাই প্যাকেটজাত খাবারের বদলে প্রাকৃতিক উৎস, যেমন ছোলা, ব্রকলি, টফু বা সূর্যমুখীর বীজের ওপর বেশি ভরসা রাখা বুদ্ধিমানের কাজ।

পঞ্চম উপায়টি চা-কফির সময় নিয়ে। খাবার খাওয়ার ঠিক পরপরই এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু চা ও কফিতে থাকা ট্যানিন এবং পলিফেনল নামক উপাদানগুলো খাবার থেকে আয়রন শোষণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। তাই খাবারের পুরো পুষ্টিগুণ পেতে খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর চা বা কফি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

একবারে প্রচুর আয়রনসমৃদ্ধ খাবার খেলেই শরীর সবটুকু গ্রহণ করতে পারে না। সারা দিনে অল্প অল্প করে সুষম খাবারের মাধ্যমে আয়রন গ্রহণ করা সবচেয়ে কার্যকর। আর কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার ক…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…