সৌদি আরবে বড় বহুজাতিক কোম্পানির মুনাফায় অন্তত ১৫ শতাংশ কর, চালু ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বড় বহুজাতিক কোম্পানির ওপর অভ্যন্তরীণ ন্যূনতম সম্পূরক কর (ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স) চালু করতে যাচ্ছে সৌদি আরব। এর ফলে নির্ধারিত শর্ত পূরণকারী বহুজাতিক কোম্পানিগুলো সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকরভাবে অন্তত ১৫ শতাংশ হারে কর দিতে বাধ্য হবে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জ্যাটকা) এ ঘোষণা দিয়েছে। দেশটির কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে করব্যবস্থার সামঞ্জস্য আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যেসব বহুজাতিক কোম্পানির সমন্বিত বার্ষিক আয় অন্তত ৭৫০ মিলিয়ন ইউরো বা সৌদি রিয়ালে এর সমপরিমাণ, তাদের ক্ষেত্রে নতুন করব্যবস্থা কার্যকর হবে। তবে এ শর্ত পূরণের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে কর আরোপের বছরসহ আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুই বছর নির্ধারিত আয়সীমা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে কোম্পানিটির চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণী বিবেচনায় নেওয়া হবে।
সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠান এই করের আওতায় আসবে না বলে স্পষ্ট করেছে জ্যাটকা। শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারী বড় বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নতুন কর কার্যকর হবে। আন্তর্জাতিক কার্যক্রম নেই বা আওতাভুক্ত কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, এমন সম্পূর্ণ দেশীয় কোম্পানিগুলো এর বাইরে থাকবে।
ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্সের উদ্দেশ্য হলো, যোগ্য বহুজাতিক কোম্পানিগুলো সৌদি আরবে যে মুনাফা অর্জন করবে, তার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা। কোনো প্রতিষ্ঠানের কার্যকর করের হার এই সীমার নিচে থাকলে প্রযোজ্য বিধি অনুযায়ী অতিরিক্ত কর আদায় করা হতে পারে। এর মাধ্যমে করের হার নির্ধারিত ন্যূনতম পর্যায়ে উন্নীত করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ শতাংশের এই সীমা প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর নয়, বরং অর্জিত মুনাফার কার্যকর করের হারের ওপর প্রযোজ্য হবে। অন্যদিকে, ৭৫০ মিলিয়ন ইউরোর আয়সীমা দিয়ে নির্ধারণ করা হবে কোন বহুজাতিক গোষ্ঠী নতুন করের আওতায় পড়বে। এই আয়সীমার ওপর সম্পূরক কর হিসাব করা হবে না।
বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম কর আরোপের আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরব এ পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক কর চুক্তির দ্বিতীয় স্তম্ভ বা ‘পিলার টু’-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কম করের দেশে মুনাফা স্থানান্তরের মাধ্যমে কর এড়ানোর প্রবণতা নিরুৎসাহিত করাই এই কাঠামোর মূল লক্ষ্য।
ওইসিডির বৈশ্বিক করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তর প্রতিরোধসংক্রান্ত (গ্লোবাল অ্যান্টি-বেস ইরোশন) বিধি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী বহুজাতিক কোম্পানিগুলোর কোনো দেশে কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে হলে সাধারণত অতিরিক্ত কর দিতে হয়। দেশীয় ন্যূনতম সম্পূরক করের মাধ্যমে কোনো দেশ নিজ ভূখণ্ডে অর্জিত যোগ্য মুনাফার ওপর অতিরিক্ত কর আদায় করতে পারে। এতে নিজস্ব করের ভিত্তি সুরক্ষিত রাখা সম্ভব হয়।
সৌদি আরবে নতুন ব্যবস্থা চালু হলে দেশটি নিজ ভূখণ্ডে বহুজাতিক কোম্পানিগুলোর অর্জিত মুনাফার ওপর প্রযোজ্য অতিরিক্ত কর নিজেরাই আদায় করতে পারবে। অন্যথায় এ কর আদায়ের অধিকার অন্য কোনো দেশের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকত। নতুন এ উদ্যোগের মাধ্যমে করের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা, সরকারি রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সৌদি আরবের করব্যবস্থার সামঞ্জস্য বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন করব্যবস্থার আওতায় পড়তে পারে, এমন বহুজাতিক কোম্পানিগুলোকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে জ্যাটকার আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো জ্যাটকার ২৪ ঘণ্টার কল সেন্টার ১৯৯৯৩ নম্বরে ফোন করতে পারবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে @Zatca_care অ্যাকাউন্টের মাধ্যমে অথবা [email protected] ঠিকানায় ইমেইল করেও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

