হায়দরাবাদের গাছিবাউলিতে মেটার কার্যালয়ে যুব কংগ্রেসের ভাঙচুর, সাত দিনের আল্টিমেটাম
ভারতের হায়দরাবাদের গাছিবাউলি এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছেন তেলেঙ্গানা যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) সংগঠনটির দুই নেতার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে এই বিক্ষোভ ও ভাঙচুর হয়; এ সময় মেটা কর্তৃপক্ষকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মেটা বিধিনিষেধ আরোপ করে। এর প্রতিবাদে তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে নেতা-কর্মীরা গাছিবাউলির মেটা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের কার্যালয়ের করিডোর ও ক্যাফেটেরিয়ার সামনে ভাঙচুর চালাতে দেখা গেছে।
ঘটনার পর এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় যুব কংগ্রেস আগামী সাত দিনের মধ্যে স্থগিত করা অ্যাকাউন্ট ও পোস্টগুলো ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। দাবি মানা না হলে আদালত, রাজপথ ও কার্যালয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
একই ইস্যুতে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি) মেটার কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেছে মুম্বাই যুব কংগ্রেস। সেখানে তারা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টার পোড়ায় এবং মেটার বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির পক্ষ নেওয়ার অভিযোগ তোলে।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও মেটার সমালোচনা করেছেন। তিনি বিদেশি কোম্পানিগুলোকে ভারতে রাজনীতি না করে নিরপেক্ষভাবে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে এই ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসকে ‘গুন্ডাদের দল’ আখ্যা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে হামলার সমালোচনা করেছেন। বিআরএস নেতা কে টি রামা রাও বলেছেন, এ ধরনের তাণ্ডব হায়দরাবাদের ব্যবসায়িক পরিবেশ ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

