প্রবন্ধ লেখায় এআইয়ের ওপর নির্ভরতায় মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতি কমে, বলছে এমআইটির গবেষণা
প্রবন্ধ লেখার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভর করলে মানুষের মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মিডিয়া ল্যাবের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, এআইয়ের সহায়তা নিয়ে যাঁরা প্রবন্ধ লিখেছেন, তাঁদের তুলনায় কোনো ডিজিটাল সহায়তা ছাড়া যাঁরা লিখেছেন, তাঁদের মস্তিষ্কের স্নায়বিক সক্রিয়তা ছিল বেশি। নিজেদের লেখা মনে রাখার সক্ষমতাও তাঁদের ছিল উন্নত।
লেখার সময় বৃহৎ ভাষা মডেল বা এলএলএম ব্যবহারের প্রভাব জানতে এমআইটি মিডিয়া ল্যাবের গবেষকেরা গবেষণাটি পরিচালনা করেন। এতে বোস্টন এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে এমআইটি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ওয়েলেসলি কলেজ, টাফটস বিশ্ববিদ্যালয় ও নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাঁদের তিনটি দলে ভাগ করা হয়।
একটি দল প্রবন্ধ লেখার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করে, দ্বিতীয় দল প্রচলিত সার্চ ইঞ্জিনের সহায়তা নেয় এবং তৃতীয় দল কোনো ডিজিটাল সরঞ্জাম ছাড়াই লেখে। প্রত্যেককে ২০ মিনিটের মধ্যে স্যাট পরীক্ষার আদলে তৈরি বিষয় নিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়।
লেখার সময় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করেন। পাশাপাশি প্রবন্ধগুলো বিশ্লেষণ করা হয় এবং অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, কোনো ডিজিটাল সহায়তা ছাড়া যাঁরা লিখেছেন, তাঁদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ ছিল সবচেয়ে বেশি। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সক্রিয়তা ছিল মাঝারি। আর চ্যাটজিপিটির সহায়তা নেওয়া অংশগ্রহণকারীদের মধ্যে তা ছিল সবচেয়ে কম। অর্থাৎ লেখার কাজে বাহ্যিক সহায়তার ওপর নির্ভরতা বাড়ার সঙ্গে মস্তিষ্কের নেটওয়ার্কের সক্রিয়তা কমেছে।
গবেষকেরা অংশগ্রহণকারীদের স্মৃতিশক্তিও পরীক্ষা করেন। লেখার পরপরই তাঁদের নিজেদের প্রবন্ধ থেকে বাক্য উদ্ধৃত করতে বলা হয়। এতে এআই ব্যবহারকারীদের উল্লেখযোগ্য অংশ নিজেদের লেখা মনে করতে সমস্যায় পড়েন। একটি অধিবেশনে চ্যাটজিপিটির সহায়তা নেওয়া দলের ৮৩ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী নিজেদের প্রবন্ধ থেকে সঠিকভাবে উদ্ধৃতি দিতে পারেননি। অন্যদিকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারী ও কোনো ডিজিটাল সহায়তা না নেওয়া দলের অংশগ্রহণকারীরা তুলনামূলক ভালো করেছেন।
গবেষকেরা আরও জানান, এআইয়ের ওপর বেশি নির্ভরশীল অংশগ্রহণকারীদের অনেকেই নিজেদের লেখা প্রবন্ধের ওপর তুলনামূলক কম কর্তৃত্ব অনুভব করেছেন।
গবেষণাটিতে কিছু অংশগ্রহণকারীর জন্য চতুর্থ অধিবেশনেরও আয়োজন করা হয়। সেখানে তাঁদের আগের লেখার পদ্ধতি পরিবর্তন করে কাজ করতে বলা হয়। গবেষণাটি বর্তমানে প্রিপ্রিন্ট হিসেবে প্রকাশিত হয়েছে এবং এখনো বিশেষজ্ঞদের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।


