সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকা বেলুচ্চির অভিনয় কেন হয়নি, ২০ বছর পর স্মৃতিকথায় ফিরল সেই গল্প

২০০৬ সালে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা। সে সময় আরও একটি খবর চাউর হয়েছিল—ওই চলচ্চিত্রে সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। খবরটি প্রায় সবাই বিশ্বাস করে ফেললেও শেষ পর্যন্ত তা সংবাদপত্রের পাতাতেই রয়ে যায়।
২০ বছর পর সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথা ‘বিলংগিং’-এ সেই স্মৃতি তুলে ধরেছেন। বইটি গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে এবং এরই মধ্যে দুই লাখের বেশি কপি বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সোনিয়া গান্ধীর মতো মনিকা বেলুচ্চির জন্মও ইতালিতে। ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ চলচ্চিত্রে মেরি ম্যাগডালিন এবং ‘ম্যাট্রিক্স’ সিরিজে পার্সেফোন চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত। একাধিক সাময়িকী তাঁকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ বলেও আখ্যা দিয়েছিল।
কান চলচ্চিত্র উৎসবে জুরির সদস্য থাকার সময় জীবনীভিত্তিক চলচ্চিত্রটির প্রযোজকেরা জানিয়েছিলেন, বেলুচ্চি এতে অভিনয়ের চুক্তি করেছেন। তখন প্রযোজক সুনন্দা মুরলি মনোহর বলেছিলেন, ‘সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে তিনি (বেলুচ্চি) বেশ উচ্ছ্বসিত।’
তবে কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর পর শেষ পর্যন্ত চলচ্চিত্রটির কাজ বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে পাঠানো ওই নোটিশে প্রস্তাবিত চলচ্চিত্রটির তথ্যগত যথার্থতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।
২০১২ সালে বেলুচ্চি অবশ্য ভিন্ন কথা বলেছিলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, একবার একটি ভারতীয় সিনেমায় সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু চিত্রনাট্যটি আমার ভালো লাগেনি। তাই আর এগোইনি।’
সিনেমাটি পরিচালনার কথা ছিল লস অ্যাঞ্জেলেসে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা জগমোহন মুন্ধরার। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ বই অবলম্বনে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিদওয়াই সম্প্রতি স্মরণ করেছেন, বইটির চলচ্চিত্রস্বত্ব বিক্রির অধিকার প্রকাশক পেঙ্গুইনেরই ছিল।
বিভিন্ন সময়ে চলচ্চিত্রবিষয়ক ট্যাবলয়েডের প্রতিবেদনে বলা হয়েছিল, কংগ্রেস নেত্রীর চরিত্রে অভিনয়ের জন্য ঐশ্বরিয়া রাই ও প্রীতি জিনতাকেও বিবেচনা করা হয়েছিল।
তখন সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের সভাপতি। এর দুই বছর আগে তাঁর নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের জুলাইয়ে নিউইয়র্ক টাইমস প্রযোজক সুনন্দা মুরলি মনোহরকে উদ্ধৃত করে লিখেছিল, ৬০ দিনের মধ্যে শুটিং শুরু করার কথা থাকলেও কংগ্রেস বড় রাজনৈতিক দল হওয়ায় উদ্বেগের নিরসন না হওয়া পর্যন্ত তাঁরা এগোতে পারছিলেন না।
মুন্ধরা ২০০৭ সালেও আশা প্রকাশ করেছিলেন সিনেমাটি নির্মিত হবে, তবে ২০১১ সালে তিনি মারা যান। তাঁর নির্মিত সামাজিক ইস্যুভিত্তিক চলচ্চিত্রের মধ্যে ছিল ‘বাওয়ান্ডার’ এবং ঐশ্বরিয়া রাই অভিনীত ‘প্রোভোকড’, যেটি ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।
স্মৃতিকথা প্রকাশের পর তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, বইটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, সিনেমাটি বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মাণ করা হবে না; সোনিয়া গান্ধীর জন্মদিন ৯ ডিসেম্বর এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একটি অনুষ্ঠান আয়োজন করা হবে এবং ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ প্রস্তাব নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।


