ইরাকের বসরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, অন্তত ৪ জন নিহত ও ৩৫ জন আহত
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরায় একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
আগুন লাগে বসরার হারথা বিদ্যুৎকেন্দ্রে। আগুন বিদ্যুৎকেন্দ্র থেকে আশপাশের বাড়িঘরেও ছড়িয়ে পড়ে।
ইরাকি বার্তা সংস্থা আইএনএ শনিবার জানিয়েছে, দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর হারথা বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের বাড়িঘরের আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুনের কারণে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। হারথা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।
অনলাইনে ছড়িয়ে পড়া আগুনের ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী ও পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। জরুরি সেবা সংস্থাগুলোর তৎপরতা দেখতে সেখানে মানুষের ভিড়ও দেখা গেছে।

