এআই ঘাতক রোবট নিয়ে বাধ্যতামূলক চুক্তি হলো না, জেনেভায় আলোচনা চলবে আরও দুই বছর

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ঘাতক রোবট ও ড্রোন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম তৈরির চেষ্টা আবারও আটকে গেছে। জেনেভায় জাতিসংঘ-সমর্থিত এক সপ্তাহের আলোচনা শনিবার শেষ হয়েছে আরও দুই বছর আলোচনা চালিয়ে যাওয়ার সমঝোতার মধ্য দিয়ে।
সম্মেলনে অংশ নেওয়া বহু দেশ ২০২৮ সালের মধ্যে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা নিয়ে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরিতে একমত হয়েছে। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, অনেক দেশ ও অধিকারকর্মীদের চাওয়া আইনগতভাবে বাধ্যতামূলক নিয়মে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়নি।
জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ইজুমি নাকামিৎসু ফলাফলকে গুরুত্বপূর্ণ অর্জন বললেও পরিস্থিতিকে গ্লাস অর্ধেক ভরা নাকি অর্ধেক খালি হিসেবে বর্ণনা করেছেন। গুতেরেস চলতি বছরেই আইনগতভাবে বাধ্যতামূলক একটি চুক্তির সূচনা আশা করেছিলেন।
অধিকারকর্মীরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিগুলোকে শক্ত ভাষার চুক্তি আটকে দেওয়ার জন্য দায়ী করেছেন। স্টপ কিলার রোবটস জোট এই ফলাফলকে পানসে ম্যান্ডেট বলে আখ্যা দিয়েছে।
আন্তর্জাতিক আইনবিষয়ক অ্যাডভোকেসি সংগঠন লেক্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিয়াট্রিস ফিন বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ হলো বিষয়টিকে আরও দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মেশিন লার্নিং বিশেষজ্ঞ ও ফিউচার অব লাইফ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ম্যাক্স টেগমার্ক বলেছেন, রাষ্ট্রগুলো ১৪তম বছরেও শুধু আলোচনা করাই যথেষ্ট বলে মেনে নিয়েছে, অথচ এসব অস্ত্র নৃশংসতা ঘটাতে সক্ষম করছে।
সম্মেলনের আগে সাতটি দেশ মানুষের নিয়ন্ত্রণ বা জবাবদিহি ছাড়া যন্ত্রের হত্যার সক্ষমতা রোধ বা সীমিত করতে পারে এমন নিয়মকানুন নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিল। দেশগুলো হলো ব্রাজিল, অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, মেক্সিকো, নিউজিল্যান্ড ও পানামা। সেই চেষ্টা সফল হয়নি।
ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ার বলেছেন, প্রযুক্তি কূটনীতির চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। কূটনীতিকরা খুবই ধীরগতির।
বছরের শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া গুতেরেস স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা নিয়ে চুক্তির আলোচনা শুরুর জন্য ২০২৬ সালকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। পোপ চতুর্দশ লিওসহ অনেক অধিকার ও মানবিক সংগঠন বিষয়টিকে অস্তিত্বের বিতর্ক হিসেবে তুলে ধরে এসব অস্ত্র নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
অধিকারকর্মীদের ভাষ্য, নিজে থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সশস্ত্র ড্রোন ইতিমধ্যে সংঘাতক্ষেত্রে বিক্ষিপ্ত কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তবে এসব অস্ত্রের ব্যাপক ব্যবহার এখনো শুরু হয়নি।
এবারের আলোচনা হয়েছে কনভেনশন অন সার্টেন কনভেনশনাল ওয়েপনসের আওতায়, যাতে ১২৮টি দেশ অনুসমর্থন করেছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতিক্রমে, ফলে যেকোনো একটি দেশই একটি চুক্তি আটকে দিতে পারে এবং যেকোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকে সর্বনিম্ন সাধারণ ভিত্তিতে।


