দাদাসাহেব ফালকে উৎসবে সেরা ছবি ‘ধুরন্ধর’, ৪১ বিভাগে পুরস্কার পেলেন যাঁরা
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিপিআইএফএফ) পুরস্কার ২০২৬-এর বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’।
একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা।
২০ নভেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত এবারের আয়োজনে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টেলিভিশন, সংগীত, আন্তর্জাতিক চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৪১টি বিভাগে শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মানিত করা হয়েছে।
প্রকাশিত বিজয়ীদের তালিকা অনুযায়ী সমালোচক বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। সিনেমাটিতে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেঠি। ‘হক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম ধর।
সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ‘ধুরন্ধর’-এর নির্মাতা আদিত্য ধর। একই সিনেমার জন্য বছরের সেরা প্রযোজকের সম্মান পেয়েছেন আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর জন্য সেরা চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন অরবিন্দ এস কাশ্যপ।
অভিনয়ের অন্যান্য বিভাগে ‘ছাভা’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন ভিনীত কুমার সিং। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন ‘ধুরন্ধর’-এর অক্ষয় খান্না এবং ‘হাউসফুল ৫’-এর জন্য কমেডি চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রিতেশ দেশমুখ।
সংগীত বিভাগে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল ট্র্যাকের জন্য সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল; একই গান নির্বাচিত হয়েছে বছরের সেরা গান হিসেবে। ‘ধুরন্ধর’-এর জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার জিতেছেন শাশ্বত সচদেব। সেরা প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ, বছরের সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন করণ আউজলা এবং সেরা কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন স্যান্ডি মাস্টার।
ওয়েব সিরিজ বিভাগে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’; সিরিজটির নির্মাতা আরিয়ান খান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। এ বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ‘পাতাল লোক সিজন ২’-এর জয়দীপ আহলাওয়াত, ‘দিল্লি ক্রাইম সিজন ৩’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শেফালি শাহ এবং একই সিরিজে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন হুমা কুরেশি। ‘গ্রাম চিকিৎসালয়’ সিরিজের জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন বিনয় পাঠক।
টেলিভিশন বিভাগে বছরের সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘তারক মেহতা কা উলটা চশমা’। ‘কিউঙ্কি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অমর উপাধ্যায় এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্মৃতি ইরানি।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন, ‘সিনার্স’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান এবং ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। আন্তর্জাতিক বর্ষসেরা শিল্পী নির্বাচিত হয়েছেন টেইলর সুইফট। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জেমস ক্যামেরন, সংগীতজগতে বিশেষ অবদানের জন্য ইলাইয়ারাজা এবং চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা কমল হাসান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সৈয়দ শাহিদ খানের ‘মাধুরী—এন্ড ইজ বিগিনিং’। প্রথম রানারআপ হয়েছে রাহুল শেঠির ‘জাহান—দ্য লাস্ট গিফট’, দ্বিতীয় রানারআপ জর্জ মরাইসের ‘ইন হাফ’ এবং তৃতীয় রানারআপ সাই হারিণী বসন্তের ‘টি কট্টু’৮৩’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো চলচ্চিত্র জমা পড়েছিল এই বিভাগে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিল্পীদের সৃজনশীলতা, নিষ্ঠা ও শৈল্পিক অবদানকে উদ্যাপন করার পাশাপাশি বিশ্বজুড়ে নতুন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

