আমাজনের হাত ধরে আধুনিক রূপে ফিরছে ষাটের দশকের সাড়াজাগানো সিরিজ ‘দ্য প্রিজনার’
ষাটের দশকের সাড়াজাগানো ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য প্রিজনার’ এবার আধুনিক রূপে পর্দায় ফিরতে যাচ্ছে। জনপ্রিয় এই সিরিজটির স্বত্ব কিনে নিয়েছে আমাজন স্টুডিওস।
দীর্ঘদিন ধরে হলিউডে এটি নিয়ে সিনেমা নির্মাণের চেষ্টা চললেও শেষ পর্যন্ত সিরিজ হিসেবেই ফিরছে গল্পটি। আমাজনের অগ্রাধিকার তালিকায় থাকা নতুন এই সংস্করণের নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন অ্যাংরি ফিল্মসের সুজান মন্টফোর্ড ও ডন মারফি।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন গল্প সাজানোর লক্ষ্যে ইতিমধ্যে সিরিজটির জন্য শোরানার খোঁজা শুরু হয়েছে।
১৯৬৭-৬৮ সালে প্রচারিত ১৭ পর্বের ও মাত্র এক সিজনের মূল ‘দ্য প্রিজনার’ ছিল স্নায়ুযুদ্ধের অস্থিরতা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পটভূমিতে নির্মিত সায়েন্স ফিকশন, স্পাই-থ্রিলার এবং সাইকোলজিক্যাল ড্রামার এক অনন্য মিশ্রণ। এর নির্মাতা ও মূল অভিনেতা ছিলেন প্যাট্রিক ম্যাকগুহান।
গল্পের শুরুতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে হঠাৎ পদত্যাগ করেন। এরপর তাঁকে অপহরণ করে পাহাড় ও সমুদ্রে ঘেরা ‘দ্য ভিলেজ’ নামের এক রহস্যময় এলাকায় আটকে রাখা হয়। সেখানে তাঁর আসল নাম কেড়ে নিয়ে নতুন পরিচিতি দেওয়া হয় ‘নাম্বার সিক্স’ হিসেবে।
ওই জায়গার সব বাসিন্দাকে নামের পরিবর্তে সংখ্যা দিয়ে চেনা হতো এবং তাঁদের মধ্যে কারা বন্দী আর কারা প্রহরী, তা বোঝার কোনো উপায় ছিল না। বাসিন্দারা এলাকার ভেতরে অবাধে চলাফেরা করতে পারলেও সর্বক্ষণ উচ্চ প্রযুক্তির নজরদারির আওতায় থাকতেন। কেউ পালানোর চেষ্টা করলে একটি স্বয়ংক্রিয় যন্ত্র তাঁকে ধরে আনত কিংবা হত্যা করত।
নাম্বার সিক্স সেখানকার নিয়মের কাছে নতি স্বীকার না করে বারবার পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও সিরিজের শেষ দিকে তাঁর কর্মকাণ্ডে ভীত হয়ে প্রশাসন এমন চরম পদক্ষেপ নেয়, যাতে পুরো এলাকার অস্তিত্বই হুমকির মুখে পড়ে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের মধ্যকার দ্বন্দ্ব এবং এর ভারসাম্য তুলে ধরাই ছিল সিরিজটির মূল উপজীব্য।
অভিনব নির্মাণশৈলী ও রহস্যময় সমাপ্তির কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করা এই সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে নির্মিত হয়েছে ‘টুইন পিকস’, ‘এক্স-ফাইলস’ ও ‘লস্ট’-এর মতো সিরিজ।
ক্রিস্টোফার নোলান, রিডলি স্কট ও সাইমন ওয়েস্টের মতো খ্যাতিমান নির্মাতারাও বিভিন্ন সময়ে এটি অবলম্বনে সিনেমা বানানোর উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এর আগে ২০০৯ সালে জিম ক্যাভিজেল ও ইয়ান ম্যাককেলেনকে নিয়ে এএমসি চ্যানেল ‘দ্য প্রিজনার’ অবলম্বনে ছয় পর্বের একটি মিনি সিরিজ নির্মাণ করেছিল, তবে সেটি দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারেনি।
এখন আমাজনের এই আধুনিক রূপান্তর ষাটের দশকের সেই আবেদন ফিরিয়ে আনতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

