জয়পুরহাটের ৩০০ বছরের পুরোনো নান্দাইল দিঘির পাড়ে হাজারো দর্শকের সামনে ধারণ হলো ‘ইত্যাদি’
জয়পুরহাটের কালাই উপজেলার ৩০০ বছরের বেশি পুরোনো ঐতিহ্যবাহী নান্দাইল দিঘির পাড়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবং ফাগুন অডিও ভিশনের নির্মাণে তৈরি পর্বটি আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
এবারের আয়োজনে থাকছে তিনটি বিশেষ গান। এর মধ্যে জয়পুরহাটের সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গানের সংকলন পরিবেশন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ নৃত্যগীত।
অনুষ্ঠানে জয়পুরহাটের ঐতিহ্যবাহী লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে নাট্যাংশের পাশাপাশি জেলার কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন থাকছে।
আরও তুলে ধরা হবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম এবং ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা স্থানীয় শিল্পী প্রসেনজিৎ বর্মনের কাজ। এ ছাড়া যশোরের এক ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ীর মানবিক কর্মকাণ্ড নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন।
নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের পর্বে সামাজিক অসংগতি, অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ট্রল ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এসব আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের পরিচিত অভিনয়শিল্পীরা।

