বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, অ্যালার্জি কমাতে যা বলা হচ্ছে

বৃষ্টির দিনে অনেকের অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। কারও ঘন ঘন হাঁচি হয়, কারও নাক দিয়ে পানি পড়ে, আবার কারও চোখ চুলকানো বা কাশি শুরু হয়।
স্বাস্থ্যবিষয়ক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি কিছু মানুষের অ্যালার্জির উপসর্গ কমালেও অন্যদের ক্ষেত্রে তা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে পরাগরেণু, ঘাস, ধুলা ও ছত্রাকের প্রতি অ্যালার্জি থাকলে বৃষ্টির দিনে সমস্যা দেখা দিতে পারে।
বৃষ্টির পানিতে পরাগরেণু ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে বাতাসে আরও বেশি ছড়িয়ে পড়ে। এসব ক্ষুদ্র কণা সহজে বাতাসে ছড়িয়ে পড়ায় শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে, ফলে পরাগরেণুতে অ্যালার্জি থাকা ব্যক্তিদের উপসর্গ বেড়ে যেতে পারে।
বৃষ্টির পরও কখনো কখনো বাতাসে পরাগরেণুর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বৃষ্টির কারণে পরিবেশে আর্দ্রতা বাড়ে। উষ্ণ ও আর্দ্র পরিবেশে ডাস্ট মাইট ও ছত্রাকের বৃদ্ধি ঘটে। ডাস্ট মাইট হলো ঘরের ধুলায় থাকা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, যা খালি চোখে দেখা যায় না। এগুলো ঘরের ভেতরে ও বাইরে অ্যালার্জির সমস্যা বাড়াতে পারে।
আর্দ্রতা ও উষ্ণতা পেলে ঘরের ভেতরে ও বাইরে ছত্রাক জন্মায়, যা শ্বাসকষ্ট ও অ্যালার্জির অন্যতম কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারী বর্ষণে ঘাসের পরাগরেণু ভেঙে বাতাসে ভেসে বেড়ায়, ফলে অ্যালার্জির সমস্যা বাড়ে।
বৃষ্টির দিনে অনেকেই ঘরের ভেতরে বেশি সময় কাটান। ফলে ধুলা, ছত্রাক ও পোষা প্রাণীর শরীর থেকে ছড়ানো অ্যালার্জির উদ্দীপক উপাদানের সংস্পর্শে আসার সুযোগ বাড়ে।
অ্যালার্জির ধরন ও লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অনেকের ক্ষেত্রে বৃষ্টি শুরু হলে লক্ষণ কিছুটা কমলেও দিনের পরের ভাগে বাতাসে পরাগরেণু ছড়িয়ে পড়ায় তা আবার তীব্র হয়।
উপসর্গ কমাতে বৃষ্টির সময়, বিশেষ করে অ্যালার্জির মৌসুমে ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের অতিরিক্ত আর্দ্রতা দূর করতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে।
ধুলাবালি জমতে না দিতে নিয়মিত ঘর পরিষ্কার রাখা এবং ঘরে পানি চুইয়ে পড়া বা স্যাঁতসেঁতে ভাব রোধে ছাদ ও দেয়ালের কোনো ছিদ্র আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করার কথাও বলা হয়েছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ও স্যালাইন নেজাল স্প্রে ব্যবহার করা যেতে পারে। অ্যালার্জির লক্ষণ অত্যন্ত তীব্র হলে এবং সাধারণ ওষুধে কাজ না করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে; চিকিৎসক প্রয়োজনে ইমিউনোথেরাপি ইনজেকশনসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিতে পারেন।



