কলকাতা উৎসবে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, দুই বছর পর বাংলাদেশের সিনেমা
দুই বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে উৎসবটির ৩২তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে।
এ বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ভাষার সিনেমা এটি। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের মোট ১৫টি সিনেমা জায়গা পেয়েছে।
তবে এবারের উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশের সিনেমা হিসেবে নয়, ফরাসি সিনেমা হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
সিনেমাটি বাংলাদেশের খনা টকিজের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকদের যৌথ প্রযোজনায় নির্মিত। আন্তর্জাতিক যৌথ প্রযোজনার কারণেই সিনেমাটিকে ফরাসি হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যজিৎ রায়ের শহরে তার সিনেমার ভারতীয় প্রিমিয়ার হতে যাচ্ছে, এটি তার জন্য গভীর সম্মানের। বাংলা ভাষাভাষী দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন ভেবেও তিনি আনন্দিত।
সমসাময়িক ঢাকার প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় সৌন্দর্য, বিয়ে, নারীত্ব ও সামাজিক নিয়ন্ত্রণের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
মনস্তাত্ত্বিক ভৌতিক আবহ, অতিপ্রাকৃত উপাদান এবং দক্ষিণ এশিয়ার লোককথার সমন্বয়ে এগিয়েছে সিনেমার গল্প।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনিন চৌধুরী করিম। এ ছাড়া অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
চলতি বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বিশ্বপ্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে উৎসবটির অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে সিনেমাটি।
এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীর সুযোগ পাচ্ছে রুবাইয়াত হোসেনের এই নির্মাণ।

