…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নিখোঁজের দুই দিন পর নাটোরের ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি ছাত্র উদ্ধার, ভর্তি রামেকে

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে উদ্ধার হন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানখেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

হৃদয় বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে।

তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন।

খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. জহুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বনপাড়ায় ওই হাসপাতালে যান। তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রামেকে পাঠানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘হৃদয়কে নাটোরের শিবপুরে একটা ধানখেতের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়েই দ্রুত আমিসহ প্রক্টরিয়াল বডি আমরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে হাসপাতালে এসেছি। পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রামেকে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিক অবস্থা স্বাভাবিক নয়। হৃদয়ের সুস্থতায় সকলের নিকট দোয়া চাই।’

স্বজনরা জানান, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে পুলিশ তার মোবাইলে সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানখেতে স্থানীয়রা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেওয়া হয়।

বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক বলেন, ‘তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে রামেকে পাঠানো হয়েছে।’

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। এ কারণে কীভাবে তিনি এখানে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

দুই দিন নিখোঁজ রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার নাটোরের ধানখেত থেকে
শিক্ষা

দুই দিন নিখোঁজ রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার নাটোরের ধানখেত থেকে

নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। এ স…

নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলী
শিক্ষা

নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলী

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধানখেত থেকে অচেতন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম হৃদয়…

শিক্ষা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী, জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষ…

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…