কংগ্রেসের তথ্য চাওয়ার বিষয়ে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ ট্রাম্পের নির্বাহী আদেশে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গভীর রাতে একটি নির্বাহী আদেশে সই করেছেন, যাতে ফেডারেল ঠিকাদারদের কংগ্রেসের তথ্য চাওয়ার অনুরোধের বিষয়ে হোয়াইট হাউসকে জানাতে এবং প্রশাসন যেসব উপাদানকে বিশেষাধিকারভুক্ত (প্রিভিলেজড) মনে করে, সেগুলো আটকে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা তদারকি তদন্ত শুরু করার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এ আদেশ এল।
আদেশটি সব ফেডারেল ঠিকাদার ও সাব-ঠিকাদারের ক্ষেত্রে প্রযোজ্য। আদেশ অনুযায়ী, যেসব কোম্পানি তা মানবে না, তারা বিদ্যমান চুক্তি হারানোর কিংবা ভবিষ্যৎ কাজ থেকে স্থগিত হওয়ার ঝুঁকিতে পড়বে।
ট্রাম্প এ নির্দেশকে এমন আইনপ্রণেতাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন, যাদের বিরুদ্ধে আদেশে অভিযোগ আনা হয়েছে যে তাঁরা নির্বাহী শাখার গোপনীয় তথ্য পেতে ‘বেসরকারি কোম্পানিগুলোকে হয়রানি’ করছেন।
তবে আদেশটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বিশেষ করে ঠিকাদারদের যদি সাবপিনা (আদালতের তলব) দিয়ে চাওয়া নথি আটকে রাখতে বলা হয়। নির্বাহী বিশেষাধিকার প্রেসিডেন্টদের নির্দিষ্ট অভ্যন্তরীণ যোগাযোগ সুরক্ষিত রাখার সুযোগ দিলেও কংগ্রেসের তদারকি ক্ষমতা নিয়ে সংঘাতে আদালত হস্তক্ষেপ করতে পারে।
এ সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস কাউন্সেল উইল শার্ফের দেওয়া নির্দেশনার ওপর ভিত্তি করেই নতুন আদেশটি এসেছে; শার্ফ ফেডারেল সংস্থাগুলোকে কর্মীদের কংগ্রেসে সাক্ষ্য আগে প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিতে নির্দেশ দিয়েছিলেন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ জিতেছে। তারা প্রশাসনের পাশাপাশি ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেন ও বেসরকারি কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক তদন্তের পরিকল্পনা করছে।
তদন্তের অন্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে প্রশাসন কীভাবে অভিবাসন আইন প্রয়োগ করেছে এবং সরকারের মামলার নথি প্রকাশের পর জেফরি এপস্টিন তদন্ত তারা কীভাবে সামলেছে।
আগামী বছর হাউস ওভারসাইট কমিটির নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকা প্রতিনিধি রবার্ট গার্সিয়া (ডেমোক্র্যাট, ক্যালিফোর্নিয়া) বলেছেন, এসব তদন্ত ‘সব আমেরিকানের কাজে লাগবে এমন আইনের ভিত্তি তৈরি করবে’।
এ সপ্তাহে গার্সিয়া বর্তমান ও সাবেক ১২ জন প্রশাসনিক কর্মকর্তার কাছে নথি সংরক্ষণের চিঠি পাঠিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, জ্যারেড কুশনার, গ্রিসে সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েল এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার।
প্রেসিডেন্টের দুই বড় ছেলের কাছে পাঠানো চিঠিতে ওভারসাইট ডেমোক্র্যাটরা লিখেছেন, তারা সম্ভাব্য দুর্নীতি, স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহার তদন্ত করছেন, যার মাধ্যমে ট্রাম্প পরিবারের কাছে বিপুল অর্থ গেছে বলে তারা অভিযোগ করেছেন।




