…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফটিকছড়ির নানুপুরে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির নানুপুরে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আহত পাঁচজন হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তাঁরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

এদিকে হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালানোর পাশাপাশি মাইকিং করে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভিযুক্তরা আগে থেকেই ওত পেতে থেকে এ হামলা চালিয়েছে বলে তাঁর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম ওই মিছিলের নেতৃত্ব দেন বলে জানা গেছে। এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মুহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি-৭-এর সদস্যরা অবস্থান করছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত করতেই দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: চট্টগ্রামে অর্থমন্ত্রী আমীর খসরু

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার জন্য ইতোমধ্যে দুর্বৃত্তায়নের…

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…