গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে শ্রমিক শাহরিয়ারকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বেলা ২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের ভেতর থেকে তাঁকে আটক করে বিএসএফ সদস্যরা।
আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর আনতে গিয়ে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে চলে আসলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা মনির মিয়া সাংবাদিকদের জানান, তাঁর ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাঁকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়।
মনির মিয়ার ভাষায়, একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাঁকে আটক করেছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, শাহরিয়ারকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।



