…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটে বিআরটিসি প্রশিক্ষণে ঘুষ ও জাল সনদের অভিযোগ প্রমাণিত, ইউনিট প্রধান রোকনুজ্জামানকে ঢাকায় বদলি

নিজস্ব প্রতিবেদক

সিলেট বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান মো. রোকনুজ্জামানকে সিলেট থেকে প্রত্যাহার করে ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। সরকারি অর্থায়নে ও বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত সম্পূর্ণ বিনামূল্যের ‘মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ’ কোর্সে ঘুষ বাণিজ্য, ভুয়া ডাক্তার সেজে স্বাস্থ্য সনদ জালিয়াতি এবং সরকারি ভাতা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই শাস্তিমূলক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার (প্রশাসন ও পার্সোনেল) এবং সরকারের উপসচিব দীনেশ সরকারের সই করা এক অফিস আদেশে এই বদলির নির্দেশ জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, করপোরেশনের প্রশাসনিক কাজের সুবিধার্থে ও জনস্বার্থে সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রোকনুজ্জামানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে বিআরটিসির প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ওই কর্মকর্তা তাঁর কর্মকালীন নিজ ডিপো ও ইউনিটের যাবতীয় বেতন-ভাতাদি, দায়-দেনা এবং বকেয়া রাজস্ব (যদি থাকে) সম্পূর্ণ পরিশোধ ও জমা দিয়ে ১ ডিসেম্বরের মধ্যে দায়িত্বভার যথাযথভাবে হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেবেন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি খরচে দরিদ্র ও বেকার যুবকদের দক্ষ চালক হিসেবে গড়ে তোলার প্রকল্পে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছিল। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর ‘সারাবাংলা ডটনেট’-এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে তুলে ধরা হয় কীভাবে বিনামূল্যের চার মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সকে অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করা হয়েছিল।

অভিযোগ ছিল, কোর্স ইনচার্জ মাহবুব রহমানসহ ডিপোর একটি অসাধু চক্র প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নাম করে জনপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত বাধ্যতামূলক ঘুষ আদায় করতেন।

এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের নাম ও পদবি ব্যবহার করে নকল সিল বানিয়ে ডিপোর ভেতরে বসেই ‘ভুয়া ডাক্তার’ সেজে প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য সনদ (মেডিকেল সার্টিফিকেট) দেওয়া হতো বলে অভিযোগ ওঠে।

প্রশিক্ষণ গাড়ির জ্বালানি তেল আত্মসাৎ এবং মৃত কিংবা অনুপস্থিত ব্যক্তিদের নামে ভুয়া হাজিরা দেখিয়ে সরকারি দৈনিক ভাতার লাখ লাখ টাকা লোপাট করার তথ্যও ওই প্রতিবেদনে উঠে আসে।

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মাথায়, ২৭ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক অফিস আদেশে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।

স্থানীয় সরকারের উপপরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয় দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি)। কমিটিকে সরেজমিনে আলমপুর ডিপোতে গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি আলমপুর প্রশিক্ষণ কেন্দ্রে সরেজমিন তদন্ত ও ভুক্তভোগী প্রশিক্ষণার্থীদের সাক্ষ্য গ্রহণ করে। তদন্তে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি, অনিয়ম ও সনদ জালিয়াতির অধিকাংশ অভিযোগেরই সুস্পষ্ট সত্যতা খুঁজে পায় কমিটি। পরে কমিটি দায়ী কর্মকর্তাদের গাফিলতি ও অনিয়ম উল্লেখ করে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটির সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই ইউনিট প্রধান মো. রোকনুজ্জামানকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিআরটিসি কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীদের দাবি, কেবল বদলিই যেন এই দুর্নীতির শেষ পরিণতি না হয়।

ভুক্তভোগীদের মতে, সরকারি অর্থ আত্মসাৎ, চিকিৎসকের সিল জালিয়াতি এবং দরিদ্র প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ঘুষ আদায়ের মতো ফৌজদারি অপরাধের সঙ্গে সরাসরি জড়িত কোর্স ইনচার্জ মাহবুব রহমানসহ পুরো চক্রের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি কঠোর আইনগত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বদলি হয়ে অন্য কর্মস্থলে গিয়েও এই চক্র পুনরায় একই ধরনের অনিয়মে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৭
সিলেট বিভাগ

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৭

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।…

গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে শ্রমিক শাহরিয়ারকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ফেরাতে আলোচনা চলছে: বিজিবি
সিলেট বিভাগ

গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে শ্রমিক শাহরিয়ারকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভার…

সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
সিলেট বিভাগ

সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ…

সিলেট বিভাগ

সুনামগঞ্জের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান নিহত

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।…