চট্টগ্রামের আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক নববধূকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এ সময় নববধূর শ্লীলতাহানি করা হয় এবং তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
আজ শনিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি অফিসে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন। এ সময় ওই নারীর বাবা-মা ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিয়ের তিন দিন পর নববধূকে রেখে পালিয়ে যাওয়া স্বামী মো. তৌহিদুল ইসলাম এবং ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে ওই নারীর সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়।
অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় তৌহিদুল ইসলাম আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন।
যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করায় গত ৮ নভেম্বর দুপুরে নববধূকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয় বলে লিখিত বক্তব্যে বলা হয়েছে।
ঘটনার পরদিন ৯ নভেম্বর নববধূর ভাই মো. ইকবাল হোসেনসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে আসামিরা তাঁদের গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের উপস্থিতিতেই নববধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



