সিনালোয়ায় গ্রেপ্তার এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’, অভিযানে গোলাগুলি ও বিস্ফোরণ
মেক্সিকোর বিশেষ বাহিনী গ্রেপ্তার করেছে ফাউস্তো ইসিদ্রো মেসা-ফ্লোরেসকে, যিনি ‘চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এক অভিযুক্ত কার্টেল নেতা এবং এফবিআইয়ের দশ মোস্ট ওয়ান্টেড পলাতকের তালিকায় রয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শুক্রবার রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের গুয়াসাভে এলাকা থেকে আরও দুজন পুরুষসহ মেসা-ফ্লোরেসকে আটক করা হয়।
এই গ্রেপ্তার এমন সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের ওপর চাপ দিয়ে আসছেন। শুক্রবার ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন শেইনবাউমের সঙ্গে কাজ করছে, ‘কারণ কার্টেলগুলোই মেক্সিকো চালাচ্ছে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি তাঁকে এ কথাই বলেছি। আমরা কার্টেলগুলোকে মেক্সিকো চালাতে দিতে পারি না। তারা আমাদের প্রতিবেশী।’
ডাকনাম একই রকম হলেও মেসা-ফ্লোরেস কারাগারে থাকা সিনালোয়া কার্টেলের সাবেক নেতা হোয়াকিন ‘এল চাপো’ গুসমানের আত্মীয় নন।
মেক্সিকোর কর্তৃপক্ষের ভাষ্য, মেসা-ফ্লোরেস বেলত্রান লেইভা অপরাধী সংগঠনের নেতৃত্ব দেন এবং তিনি সিনালোয়া কার্টেলের মায়োস গোষ্ঠীর মিত্র। জাতীয় প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, সংগঠিত অপরাধ ও মাদক অপরাধে মেক্সিকোতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং যুক্তরাষ্ট্রে তাঁর প্রত্যর্পণের আদেশও রয়েছে।
মার্কিন প্রসিকিউটররা প্রথম ২০১২ সালে মেসা-ফ্লোরেসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১৯ সালের এক অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মার্কিন বাজারের জন্য কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা তৈরি ও বিতরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের একটি অভিযোগও রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই তাঁকে দশ মোস্ট ওয়ান্টেড পলাতকের তালিকায় যোগ করে, আর মার্কিন পররাষ্ট্র দপ্তর তাঁর গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত হওয়ার তথ্যের জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেয়।
তালিকায় তাঁর নাম যোগ করার ঘোষণা দিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত এফবিআই পরিচালক ব্রায়ান ড্রিসকল বলেছিলেন, ‘এল চাপো ইসিদ্রো নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইন ও অন্যান্য প্রাণঘাতী মাদক পাচারের অভিযোগ রয়েছে—প্রথমে স্বতন্ত্র মাদক পাচারকারী হিসেবে এবং পরে মেসা-ফ্লোরেস কার্টেলের প্রধান হিসেবে।’
ড্রিসকল আরও বলেন, মেসা-ফ্লোরেস ও তাঁর সংগঠনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, নির্যাতন ও হত্যার অভিযোগও রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত হয় এবং এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী অংশ নেয়।
মন্ত্রণালয়ের ভাষ্য, সেনারা ‘গোপনীয়তা ও আকস্মিকতা’ কাজে লাগিয়ে গুয়াসাভের একটি বাড়ির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করেন এবং ভেতরে ঢোকার আগে গুলিবর্ষণ ও বিস্ফোরণের মুখে পড়েন। এরপর তাঁরা তিনজনকে গ্রেপ্তার করেন।
অন্য দুজন হলেন জার্মান এন, যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত এবং দলটির অভিযুক্ত দ্বিতীয় শীর্ষ নেতা; এবং হোসে এন, যাঁকে তারা আর্থিক পরিচালক হিসেবে চিহ্নিত করেছে। তিনজনকেই বিমানে মেক্সিকো সিটিতে নেওয়া হয় এবং প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়।
সিনালোয়ার জননিরাপত্তা সংস্থা বাসিন্দাদের ঘরে থাকতে, এলাকা এড়িয়ে চলতে এবং রাস্তায় না নামতে অনুরোধ করেছে, কারণ গুয়াসাভেতে ফেডারেল কর্মীরা আক্রান্ত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারের পর সিনালোয়ার চারটি এলাকায় সড়ক অবরোধের খবর পাওয়া গেছে এবং রাস্তা খুলতে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গুয়াসাভের ভিডিওতে একটি বেসবল খেলা চলাকালে গুলির শব্দে মানুষকে পালাতে দেখা গেছে, পাশাপাশি গাড়ি ও পেট্রোল স্টেশনে আগুন জ্বলতে দেখা গেছে। মেক্সিকোর নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ শনিবার বলেছেন, বাসিন্দাদের সুরক্ষায় সেনারা সিনালোয়ায় থাকবেন। এক্সে তিনি লিখেছেন, ‘এই গ্রেপ্তারগুলো সিনালোয়ায় শান্তি ফিরিয়ে আনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’




