আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যদি ওয়ান-ইলেভেনের স্বপ্ন দেখে, তবে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে বলেও বিবৃতিতে দাবি জানানো হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বিবৃতিতে বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতা-কর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হেফাজতের দাবি, দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে হেফাজত মনে করে না।
অতীতের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, আগেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের শোধরায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হেফাজতে ইসলাম বলেছে, দলটির ব্যাপারে বিগত শাসনকালে তাদের ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।


