…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’: সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি তাঁর কার্যক্রমের জন্য জবাবদিহির কাঠামোও থাকতে হবে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

পলিসি থিংক অ্যান্ড রিসার্চ (পিটিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।

আহসান এইচ মনসুর বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। গভর্নরকে এমন পরিবেশ দিতে হবে, যাতে রাজনৈতিক কিংবা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই তিনি নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন।

তবে স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয় বলেও তিনি মন্তব্য করেন। দায়িত্ব পালনের স্বাধীনতার পাশাপাশি গভর্নরের কার্যক্রমের জন্য কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে তিনি বলেন।

গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কিংবা পদমর্যাদার পরিবর্তে পেশাগত দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

একইভাবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে বলে তিনি বলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে তাঁরা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করতে পারেন।

ব্যাংকিং খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে সাবেক এই গভর্নর বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, যথাযথ মূল্যায়নের মাধ্যমে অকার্যকর ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে এবং আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।

তবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সম্পদ ব্যবস্থাপনার নামে অনিয়ম, স্বার্থের সংঘাত কিংবা অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ বন্ধে শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

ব্যাংকিং খাতের সংস্কারে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত রোডম্যাপের প্রয়োজনীয়তা তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, কার্যকর আইন, স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক, স্বচ্ছ পরিচালনা ব্যবস্থা এবং জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়েই খাতটির কাঠামোগত দুর্বলতা দূর করা সম্ভব।

গোলটেবিলে অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ২০০৪ সালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির ঋণস্থিতি ও খেলাপি ঋণের পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় তিনি ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলেন।

তিনি বলেন, তবে ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান। যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের চাপকে তিনি এই পরিস্থিতির অন্যতম কারণ বলেন।

গোলটেবিল আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত বিশেষজ্ঞ অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ অন্যরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …