যুক্তরাষ্ট্রের দুই উপকূলেই ঝড়ের পূর্বাভাস, থ্যাংকসগিভিং ভ্রমণে বিঘ্নের শঙ্কা

থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণ মৌসুমের মুখে যুক্তরাষ্ট্রের দুই উপকূলেই ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং পূর্ব উপকূলে ফ্লোরিডা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বৃষ্টি ও বন্যার আশঙ্কায় ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নগরবাসীকে ‘একান্ত প্রয়োজন না হলে’ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, সোমবার বিকেল থেকে বুধবার পর্যন্ত চরম উচ্চ জোয়ার ও বৃষ্টির জন্য নগর কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে।
লুরি বলেন, জাতীয় আবহাওয়া সেবা (এনডব্লিউএস) ও জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (নোয়া) সঙ্গে কথা বলার পর তিনি সবাইকে এই সপ্তাহান্তেই প্রস্তুতি সেরে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত এক সপ্তাহে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে কাদা ধস, জলস্তম্ভ ও বন্যা দেখা গেছে। একই সময়ে ফ্লোরিডাতেও উপকূলীয় বন্যা ও পানিতে তলিয়ে যাওয়া সড়কের ঘটনা ঘটেছে।
এনডব্লিউএস জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বৃষ্টি এবং উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।
সোমবার পশ্চিম উপকূলে একটি ‘অ্যাটমোস্ফেরিক রিভার’ আঘাত হানার পূর্বাভাস রয়েছে। অ্যাটমোস্ফেরিক রিভার হলো বাতাসে ভেসে আসা সংকীর্ণ জলীয় বাষ্পের ধারা, যা কোনো এলাকার ওপর স্থির থেকে কয়েক দিনে কয়েক মাসের সমান বৃষ্টি ঝরাতে পারে। সপ্তাহের শেষের দিকে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে আরেকটি এমন ধারা আসার কথা রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর ওয়েস্টার্ন ওয়েদার অ্যান্ড ওয়াটার এক্সট্রিমস।
কেন্দ্রটির পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত উত্তর ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ ওরেগনে দুই থেকে চার ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।
বে এরিয়ায় সোমবার সকাল পর্যন্ত উপকূলীয় বন্যা পরামর্শ জারি রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। এর সঙ্গে যুক্ত হয়েছে ‘কিং টাইড’ নামে পরিচিত ঐতিহাসিক উচ্চ জোয়ার।
পূর্ব উপকূলে শুক্রবার ফ্লোরিডায় শুরু হওয়া ঝড়টি রোববার সন্ধ্যার মধ্যে মধ্য-আটলান্টিক হয়ে উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাবে বলে জানিয়েছে এনডব্লিউএস। ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টির কিছু অংশে প্রায় ১২ ইঞ্চি বৃষ্টিতে বন্যা দেখা গেছে এবং ১৮ নভেম্বর হলিউড এলাকায় পানিতে তলিয়ে যাওয়া এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তারা।
রোববার সকাল পর্যন্ত ক্যারোলাইনার উপকূলে সবচেয়ে ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি উপকূল ধরে উত্তরে এগোবে বলে জানিয়েছেন মেরিল্যান্ডের বাল্টিমোরে এনডব্লিউএসের আবহাওয়াবিদ ড্যান হফম্যান।
হফম্যান বলেন, ব্যস্ত ভ্রমণ সপ্তাহে বন্যা বা প্রবল বাতাস না হলেও সামান্য আবহাওয়া-বিঘ্নেই যাত্রায় দেরি শুরু হয়ে যেতে পারে।
ম্যাসাচুসেটসের নর্টনে এনডব্লিউএসের আবহাওয়াবিদ অ্যান্ড্রু লোকোন্তো বলেন, এই সপ্তাহান্তের ঝড়টি থ্যাংকসগিভিংয়ের পর নিউ ইংল্যান্ডে আসতে যাওয়া আরেকটি ঝড়ের মতো বড় হবে বলে পূর্বাভাসে বলা হয়নি। তাঁর ভাষ্য, বাড়ি ফেরার যাত্রীদের জন্য সেই পরের ঝড়টিতেই বেশি প্রভাব পড়তে পারে।
এবারের শরতে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। এর পেছনে ‘সুপার এল নিনো’ নামের প্রাকৃতিক জলবায়ু ধাঁচের ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিধ্বংসী বন্যায় কয়েকজনের মৃত্যু ও শত শত মানুষ আটকা পড়ার ঘটনা ঘটেছে, আর ক্যালিফোর্নিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে উচ্চ সমুদ্রপৃষ্ঠ ও একের পর এক শক্তিশালী অ্যাটমোস্ফেরিক রিভার দেখা গেছে।




