এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার কার্টেল নেতা ‘চাপো ইসিদ্রো’ সিনালোয়ায় গ্রেপ্তার

এফবিআইয়ের ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকায় থাকা মেক্সিকান কার্টেল নেতা ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস, যিনি ‘চাপো ইসিদ্রো’ নামে পরিচিত, মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে এলাকায় ধরা পড়েছেন। শনিবার সকালে কর্তৃপক্ষ এই গ্রেপ্তারের কথা ঘোষণা করে।
মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা সচিবালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে মেক্সিকান বিশেষ বাহিনী এই অভিযান চালায়। মেজা-ফ্লোরেসের সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে।
আটক অন্য দুজন হলেন জেরমান এন., যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত এবং ওই অপরাধী সংগঠনের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি, এবং হোসে এন., যিনি একই গোষ্ঠীর আর্থিক কার্যক্রম পরিচালনা করতেন বলে মেক্সিকান কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য, আটক দুজনই কার্টেলের উচ্চপদস্থ সদস্য।
মেজা-ফ্লোরেস বেলত্রান-লেইভা অপরাধী সংগঠনের নেতা বলে অভিযোগ রয়েছে, এবং তিনি ‘মায়োস’ নামে পরিচিত প্যাসিফিক কার্টেলের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, তাঁর নেতৃত্বাধীন মেজা-ফ্লোরেস আন্তঃদেশীয় অপরাধী সংগঠন ভারী অস্ত্রে সজ্জিত ও সহিংস একটি গোষ্ঠী, যারা নিজেদের এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখতে বন্দুকযুদ্ধ, অপহরণ, হত্যা, নির্যাতন ও চাঁদাবাজিতে জড়িত।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, এই সংগঠন গুরুত্বপূর্ণ মাদক পরিবহন পথের পাশাপাশি মাদক তৈরির গবেষণাগার ও মাঠপর্যায়ের ঘাঁটি নিয়ন্ত্রণ করে, এবং তাদের মাদক পরিবহন নেটওয়ার্কে বিমান, সমুদ্রগামী জাহাজ ও ট্রাক্টর-ট্রেইলার ব্যবহার করা হয়—মেক্সিকোতে অবৈধ মাদক আমদানি এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাচার ও বিতরণের জন্য।
২০১৭ সালে যুক্তরাষ্ট্র মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে এফবিআইয়ের ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকায় যুক্ত করা হয়।
মেক্সিকান কর্মকর্তারা জানিয়েছেন, অভিজাত সামরিক বাহিনী কয়েক ধাপে লক্ষ্যবস্তুর অবস্থান শনাক্ত করার পর গ্রেপ্তার অভিযান চালায়। বিশেষ বাহিনী একাধিক স্থলপথে লক্ষ্য এলাকার দিকে এগিয়ে যায়, এলাকা সুরক্ষিত করে এবং সন্দেহভাজনদের পালানো ঠেকাতে নিরাপত্তা বলয় তৈরি করে গ্রেপ্তার সম্পন্ন করে। অভিযানের সময় বিশেষ বাহিনীকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক হামলা চালানো হয় বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক ব্যক্তিদের বিমানে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয় এবং প্রসিকিউশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সচিবালয়ের তথ্য অনুযায়ী, ‘চাপো ইসিদ্রোর’ বিরুদ্ধে মেক্সিকোতে সংগঠিত অপরাধ ও মাদক-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, এবং যুক্তরাষ্ট্রে মাদক বিতরণের ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রত্যর্পণ পরোয়ানাও রয়েছে।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর সিনালোয়ার বিভিন্ন অংশে সহিংসতা ছড়িয়ে পড়ে বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে। যানবাহনে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয় এবং নিরাপত্তা বাহিনীর ওপরও হামলা হয়; রাতভর প্রধান সড়কগুলোতে সেমি-ট্রাক জ্বলতে থাকার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মেক্সিকোর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওমার গার্সিয়া হারফুচ শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে বলেন, জনগণকে রক্ষায় নিরাপত্তা মন্ত্রিসভার প্রতিষ্ঠানগুলো রাজ্যে মোতায়েন রয়েছে, এবং এই গ্রেপ্তারকে তিনি ‘সিনালোয়ায় শান্তি ফিরিয়ে আনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেন।




