নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যা ও পাল্টা অগ্নিসংযোগে সিপিবির গভীর উদ্বেগ

নড়াইলের কালিয়া উপজেলায় রাজনৈতিক সংঘাতের জেরে বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাতেও উদ্বেগ জানিয়েছে দলটি।
শনিবার দেওয়া এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তাঁদের মতে, রাজনৈতিক প্রতিশোধ ও সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া উপজেলায় ক্ষমতাসীন দলের মিছিলে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করা হয়। ওই ঘটনার জেরে গত শুক্রবার রাতে এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়।
পাল্টা সহিংসতায় সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িঘর আক্রান্ত হওয়ার অভিযোগও উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সিপিবি।
দলটির নেতারা বলেছেন, সহিংসতায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের আওতায় আনতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতন হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার, নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ক্ষমতার পরিবর্তন হলেও দখলদারত্ব, দুর্নীতি, বৈষম্য ও শোষণের কাঠামো অক্ষত রয়ে গেছে বলে দলটির অভিযোগ।
সিপিবির ভাষ্য, শাসক শ্রেণির নিজেদের মধ্যে ক্ষমতা, সম্পদ ও কর্তৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব চলছে, তা জনগণের মুক্তি কিংবা অধিকার প্রতিষ্ঠার দ্বন্দ্ব নয়। এই সংঘাতের সুযোগ নিচ্ছে উগ্র ডানপন্থী ও সাম্প্রদায়িক শক্তি, আর ক্ষমতার দ্বন্দ্বের আড়ালে চলছে তাদের অর্থনৈতিক স্বার্থের সমঝোতা — এতে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে বামপন্থী ও গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের আহ্বান জানিয়েছে সিপিবি।



