ভোটাররা ট্রাম্পের কাছ থেকে সরে যেতে চাইছেন, নীতির কারণে হারেনি রিপাবলিকানরা: স্যাম ব্রাউনব্যাক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত নেতৃত্বের ধরনকেই দায়ী করেছেন সাবেক কানসাস সিনেটর স্যাম ব্রাউনব্যাক। ট্রাম্পের প্রথম মেয়াদে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ব্রাউনব্যাক বলেছেন, ভোটাররা ট্রাম্পের নীতির চেয়ে ট্রাম্পকেই প্রত্যাখ্যান করেছেন।
২০২৬ সালের এই নির্বাচনে ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। সেই জয়ের মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে দলটি। ব্রাউনব্যাকের ভাষ্য, এই ফলাফলকে প্রেসিডেন্টের দলের দ্বিতীয় মেয়াদে স্বাভাবিক হারের ঘটনা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাউনব্যাক বলেন, ‘আমরা যে বিষয়টি খেয়াল করছি না, তা হলো—এটি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করেই হয়েছে। আমার মনে হয় না এটি ততটা নীতিকে লক্ষ্য করে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অহংকার পতনের আগে আসে, আর উদ্ধত মনোভাব হোঁচট খাওয়ার আগে।’
ব্রাউনব্যাক ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সিনেটে কানসাসের প্রতিনিধিত্ব করেন। এরপর ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি কানসাসের গভর্নর ছিলেন। নির্বাচনের ফলাফলে অর্থনৈতিক উদ্বেগও ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন; এর মধ্যে মূল্যস্ফীতি ও জ্বালানির দামের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
ফক্স নিউজের ভোটার জরিপে দেখা গেছে, কংগ্রেসের ভোটের ক্ষেত্রে ৮৯ শতাংশ ভোটার জীবনযাত্রার ব্যয়কে গুরুত্বপূর্ণ বা প্রধান কারণ হিসেবে বিবেচনা করেছেন। ইরানের সঙ্গে যুদ্ধের কথা একইভাবে বলেছেন ৭৪ শতাংশ ভোটার। এই ফলাফল থেকে বোঝা যায়, ভোটারদের মধ্যে অর্থনৈতিক হতাশাও বড় উদ্বেগ ছিল, যদিও দুটি বিষয় পরস্পরের সঙ্গে জড়িত থাকতে পারে।
ব্রাউনব্যাক বলেন, ভোটাররা বলছেন, তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের পর্ব পেরিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। তাঁর ভাষ্য, ভোটাররা সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেছেন, তবে দেশের ভেতরে অভিবাসন আইন প্রয়োগকে অতিরিক্ত আক্রমণাত্মক বলে মনে করেছেন।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক সাবেক বিশেষ দূত ব্রাউনব্যাক রিপাবলিকানদের ভোটারদের সঙ্গে যোগাযোগের ধরন নতুন করে ভাবার আহ্বান জানান। তিনি নম্রতা ও সদয় আচরণের ওপর জোর দিয়ে বলেন, ‘অহংকারী হওয়া যায় না। নম্রভাবে সামনে আসতে হয়। আমেরিকার জনগণের সঙ্গেও সেভাবেই আসতে হয়।’
২০২৮ সালের দিকে তাকিয়ে তিনি আরও পরিমিত প্রতিক্রিয়ার কথা বলেন। তাঁর ভাষায়, দলের বার্তা হওয়া উচিত, ‘আমরা আপনাদের কথা শুনছি, আমেরিকার জনগণ। আপনাদের কাছ থেকে যে বার্তা পেয়েছি, তার সঙ্গে আমরা নিজেদের মানিয়ে নিচ্ছি।’ তিনি বলেন, ‘আমেরিকা মহান, কারণ এটি ভালো। এটি যদি তার ভালোত্ব হারায়, তবে মহত্ত্বও হারাবে।’
এদিকে ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম আলোচনায় রয়েছে। ভ্যান্স বলেছেন, হোয়াইট হাউসের জন্য প্রার্থী হবেন কি না, সে সিদ্ধান্ত তিনি বসন্তে নেওয়ার পরিকল্পনা করছেন।




