গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট তৈরি হয়েছে: আনু মুহাম্মদ

চব্বিশের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী অনেক কথা এলেও অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে এক প্রীতিসম্মিলনীতে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদের সম্পাদিত রাজনীতি, অর্থনীতি ও সমাজ বিশ্লেষণমূলক ত্রৈমাসিক সংকলন ‘সর্বজনকথা’র ১২ বছর পূর্তি উপলক্ষে এই প্রীতিসম্মিলনীর আয়োজন করা হয়।
আনু মুহাম্মদ বলেন, এমন একটা গোষ্ঠী ক্ষমতায়িত হয়েছে, যারা মানুষের সৃজনশীল জগৎ, চিন্তার জগৎ ও মুক্তির চিন্তার বিরোধী এবং যারা মানুষকে, নারীকে ও বৈচিত্র্যকে শৃঙ্খলের মধ্যে রাখতে চায়।
তিনি মনে করেন, সমাজের চিন্তা ও সম্মতি তৈরির প্রক্রিয়ার মধ্যেই এমন উপাদান রয়েছে, যার কারণে মানুষ বৈষম্যবিরোধী ও বৈষম্যবাদী চিন্তার পার্থক্য বুঝতে পারছে না। অনেক সময় মানুষ যেটিকে বৈষম্যবিরোধী মনে করছে, তার মধ্য দিয়েই বিদ্বেষ প্রকাশ পাচ্ছে বলে তিনি বলেন।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, দেশ একধরনের ‘বিষাক্ত বৃত্তের’ মধ্যে পড়ে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাভাবিক রাজনৈতিক বৈশিষ্ট্য ও সংস্কৃতি দেখা যায় না; তাদের বিরোধ অনেকটা বংশগত বিরোধের মতো এবং এই বিভেদ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে।
তবে জনগণের জন্য ক্ষতিকর নীতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সরকার পরিবর্তন হলেও বন্দর চুক্তি, মার্কিন বাণিজ্যচুক্তি এবং বিদেশি কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগের নীতির ধারাবাহিকতা বজায় থাকছে বলে তিনি বলেন।
এই পরিস্থিতি থেকে বের হতে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। ‘সর্বজনকথা’ নামের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এমন সমাজের চিন্তা থেকেই পত্রিকাটির নাম রাখা হয়েছে, যেখানে শ্রেণি, লিঙ্গ, ধর্ম ও জাতিগত বৈষম্য থাকবে না, মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে এবং প্রকৃতির সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক থাকবে।
প্রীতিসম্মিলনীতে ‘সর্বজনকথা’র পরিষদ সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ১২ বছর পেরিয়ে গেলেও পত্রিকাটির চিন্তার তারুণ্য অটুট রয়েছে এবং শুরু থেকে তাদের লক্ষ্য ছিল বাংলায় মানসম্মত একাডেমিক লেখালেখি ও গবেষণার চর্চা গড়ে তোলা।
লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশে কার্যত কোনো সংসদীয় বিরোধী দল নেই; যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি কিংবা শ্রমিকদের মজুরি আন্দোলনের মতো ইস্যুতে বিরোধী দলের ভূমিকাই তার প্রমাণ। এমন পরিস্থিতিতে ‘সর্বজনকথা’ রাজনৈতিক অর্থনীতির প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বিরোধী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।
স্বাগত বক্তব্যে পত্রিকাটির প্রকাশক মোশাহিদা সুলতানা বলেন, আধিপত্যবাদী জ্ঞানচর্চার বিপরীতে জনমানুষ, পরিবেশ ও সর্বপ্রাণের কথা তুলে ধরাই ‘সর্বজনকথা’র লক্ষ্য। গত ১২ বছরে অর্থনৈতিক, সামাজিক ও লিঙ্গীয় বৈষম্য, সাম্প্রদায়িকতা, যুদ্ধ ও বিদ্যুৎ খাতের সংকটসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্তভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে পত্রিকাটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘সর্বজনকথা’র নির্বাহী সম্পাদক কল্লোল মোস্তফা, পরিষদ সদস্য বীথি ঘোষ ও মাহতাব উদ্দীন আহমেদ এবং শ্রমিকনেত্রী মোশরেফা মিশু।




