রাউন্ডআপ মামলায় ৭২৫ কোটি ডলারের সমঝোতায় চূড়ান্ত অনুমোদন, হাজারো ক্যানসার রোগী পাবেন ক্ষতিপূরণ

আগাছানাশক রাউন্ডআপ ক্যানসারের কারণ হয়েছে—এমন অভিযোগে দায়ের করা মামলায় বায়ারকে বিলিয়ন ডলার দিতে হবে। যুক্তরাষ্ট্রের মিসৌরির এক বিচারক শুক্রবার দেশব্যাপী একটি সমঝোতায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, যার ফলে আগামী বছরগুলোতে কোম্পানিটির ব্যয় হতে পারে সর্বোচ্চ ৭২৫ কোটি ডলার।
এই অর্থ যাবে হাজারো মানুষের কাছে, যাঁরা নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়েছেন বা ভবিষ্যতে হবেন। এটি এক ধরনের রক্তের ক্যানসার। বাদীদের দাবি, এই রোগের সঙ্গে গ্লাইফোসেটের সম্পর্ক রয়েছে, যা রাউন্ডআপের প্রধান উপাদান।
সার্কিট আদালতের এই সমঝোতা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ১০ হাজার ডলার থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। কৃষি বা অন্য পেশায় কাজের কারণে কেউ কতটা গ্লাইফোসেটের সংস্পর্শে এসেছেন, কোন বয়সে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়েছে এবং অন্যান্য বিষয়ের ওপর ক্ষতিপূরণের পরিমাণ নির্ভর করবে।
বায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল অ্যান্ডারসন এক বিবৃতিতে এই সমঝোতাকে ‘নির্ণায়ক মাইলফলক’ বলেছেন। তিনি বলেন, এটি চলমান ও ভবিষ্যৎ মামলার ঝুঁকি কমাবে।
মামলার সভাপতিত্বকারী বিচারক টিমোথি বয়ার বলেন, এটি গণ-ক্ষতির ব্যক্তিগত আঘাতসংক্রান্ত ক্লাস অ্যাকশন সমঝোতার ইতিহাসে অন্যতম বৃহত্তম।
বাদীদের আইনজীবী ক্রিস্টোফার সিগার এক বিবৃতিতে বলেন, ‘আজকের চূড়ান্ত অনুমোদনের আদেশ রাউন্ডআপ ক্যানসারের শিকার ব্যক্তিদের নিশ্চিত ক্ষতিপূরণ দিচ্ছে, যাঁরা এক দশকেরও বেশি সময় ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন।’
এই সর্বশেষ সমঝোতা আগের একটি সমঝোতার অতিরিক্ত। আগের সমঝোতায় বায়ার রাউন্ডআপসংক্রান্ত ১ লাখের বেশি দাবি নিষ্পত্তিতে প্রায় ১,০০০ কোটি থেকে ১,১০০ কোটি ডলার দিতে সম্মত হয়েছিল।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বায়ারের পক্ষে রায় দিয়েছিলেন। মনসান্টোর বর্তমান মালিক জার্মান কোম্পানি বায়ার সম্পর্কে আদালত বলেছিলেন, গ্লাইফোসেটের ক্যানসার সৃষ্টিকারী প্রভাব সম্পর্কে ভোক্তাদের সতর্ক করতে ব্যর্থ হওয়ার অভিযোগে রাজ্য আদালতের মামলা থেকে কোম্পানিটি সুরক্ষা পেতে পারে।
রাউন্ডআপ বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত আগাছানাশক। এক দশকেরও বেশি আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার সংস্থা সিদ্ধান্ত দিয়েছিল, গ্লাইফোসেট সম্ভবত মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী। পরিবেশগত স্বাস্থ্য ক্ষেত্রের বিশিষ্ট বিজ্ঞানীরা চলতি বছরেও একই উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে বায়ার ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে যে তাদের পণ্য ক্যানসারের কারণ হয়। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থাও সিদ্ধান্ত দিয়েছিল, তারা ক্যানসারসহ গ্লাইফোসেট ব্যবহারের ক্ষেত্রে উদ্বেগজনক ঝুঁকি শনাক্ত করেনি, যদিও সংস্থাটি বর্তমানে মানবস্বাস্থ্যসংক্রান্ত প্রমাণ পর্যালোচনা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আগাছানাশক প্রস্তুতকারককে সমর্থনে পদক্ষেপ নিয়েছে—সুপ্রিম কোর্টের মামলায় বায়ারের পক্ষ নিয়েছে এবং গ্লাইফোসেটের দেশীয় উৎপাদন বাড়াতে একটি নির্বাহী আদেশ জারি করেছে। কয়েক বছর আগে কোম্পানিটি যুক্তরাষ্ট্রে আবাসিক ব্যবহারের পণ্য থেকে গ্লাইফোসেট সরিয়ে নিলেও কৃষি খাতে তা এখনো ব্যবহৃত হচ্ছে।




