বাহরাইনে ইরানি হামলায় শিল্প স্থাপনায় আগুন, মার্কিন ঘাঁটি নিশানা করার দাবি তেহরানের
বাহরাইনে ইরানি হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লেগেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ এই উত্তেজনায় বাহরাইন বলছে, হামলায় প্রাথমিকভাবে বস্তুগত ক্ষতি হলেও কেউ আহত হননি।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইরানি আকাশ হামলা প্রতিহত করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া পোস্টে হামলাটিকে ‘ইরানি আগ্রাসন’-এর অংশ বলে বর্ণনা করেছে। মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক প্রতিবেদনে বস্তুগত ক্ষতির কথা জানা গেছে, আহতের খবর নেই, এবং আগুন নিয়ন্ত্রণে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থাপনাটির নাম জানায়নি, সেটি কোথায় তাও বলেনি। এর আগে বাহরাইনে আকাশ হামলার সাইরেন বেজেছিল, এবং মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটতম নিরাপদ জায়গায় সরে যেতে বলেছিল, হুমকি কী তা তখন জানানো হয়নি।
হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে।
আইআরজিসি দাবি করেছে, ওই ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আকাশসীমা লঙ্ঘন ও অব্যাহত আগ্রাসনের জবাবে’ এই হামলা চালানো হয়েছে। বাহিনীর ভাষ্য, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ নজরদারি ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অভিযানে ওই মার্কিন অবস্থানগুলো নিশানা করা হয়।
তবে কোথায় হামলা হয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বিবরণ এসেছে। ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, আইআরজিসি শেখ ঈসা ও জুফাইরে মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে ভেঙে পড়ে বড় আগুন লাগে। আইআরএনএ ‘বাহরাইন নিউজ’ নামের একটি মাধ্যমের বরাত দিয়ে বলেছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বারবার ঘটে যাওয়া ত্রুটিকেই আগুনের জন্য দায়ী করা হয়েছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটি বারবার হামলার শিকার হয়েছে; কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে তিনটি ড্রোন হামলাও হয়েছে সেখানে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে উপসাগরীয় আরব দেশগুলো বারবার তেহরানের হামলার মুখে পড়েছে। বাহরাইনের এই সর্বশেষ হামলা সেই ধারাবাহিকতারই অংশ।

