নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জন মারা গেছেন। শনিবার দেশটির জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, নৌকাটি এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে দাফন অনুষ্ঠানে যাত্রী বহন করছিল; শুক্রবার দেশের সাউথ সাউথ অঞ্চলের বায়েলসা রাজ্যে এটি ডুবে যায়।
এজেকি জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলছে। তবে নিখোঁজের সংখ্যা তিনি নির্দিষ্ট করে জানাননি।
কর্তৃপক্ষ এখনো জানায়নি, নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, আরও ২৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসা সহায়তা নিয়েছেন।
মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক প্রতিবেদনে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কথা বলা হয়েছে। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে যেতে বললেও তিনি তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ উঠেছে।
দুর্ঘটনার পর নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকার ব্যবস্থাপককে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের মুখপাত্র জানান।
এই ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌকা চালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
রাজ্যের তথ্য কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই শনিবার এক বিবৃতিতে বলেন, ‘অতিরিক্ত যাত্রী বোঝাই, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।’
নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তা বিধি প্রয়োগের ঘাটতির কারণে লাইফ জ্যাকেট ছাড়া ত্রুটিপূর্ণ নৌকা কখনো কখনো চলাচল করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

