রজার ক্লেমেন্সকে এখনই হল অব ফেমে চান ট্রাম্প, বন্ডসের বিষয়ে সতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক বেসবল তারকা রজার ক্লেমেন্সকে ‘এখনই’ বেসবল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা উচিত। পিট রোজকে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক ক্ষমা’ দেওয়ার পর এবার আরেক বেসবল কিংবদন্তিকে কুপার্সটাউনে পৌঁছে দেওয়ার দিকে নজর দিয়েছেন তিনি।
ফক্স নিউজের ‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ক্লেমেন্স কখনো পারফরম্যান্স বাড়ানোর ওষুধ নিয়েছেন—এমনটা প্রমাণিত হয়নি। ট্রাম্পের ভাষায়, ‘রজার ক্লেমেন্স কখনো ওষুধ নিয়েছেন বলে প্রমাণ হয়নি, আর তিনি শপথ করে বলেন তিনি নেননি। তিনি কমিটি ও সবকিছুর মধ্য দিয়ে গেছেন, এমনকি আদালতের একটি মামলায় জিতেছেনও।’
ট্রাম্প যে মামলার কথা উল্লেখ করেছেন, সেটি ২০১২ সালের জুনের। স্টেরয়েড ব্যবহার অস্বীকার করা নিয়ে পুনর্বিচারে ক্লেমেন্স মিথ্যা সাক্ষ্য, মিথ্যা বিবৃতি ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার ছয়টি অভিযোগের সবগুলো থেকেই খালাস পান।
‘রকেট’ ডাকনামের ক্লেমেন্সের ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেন ট্রাম্প। ক্লেমেন্স সাতবার সাই ইয়ং পুরস্কার জিতেছেন, যা এই খেলার ইতিহাসে সবচেয়ে বেশি। তিনি ১৯৮৬ সালে আমেরিকান লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) হন, ১১ বার অল-স্টার দলে জায়গা পান, দুবার ওয়ার্ল্ড সিরিজ জেতেন এবং সাতবার ইআরএ শিরোপা জেতেন।
তবে ব্যারি বন্ডসের বিষয়ে একই জোরালো সমর্থন দেননি ট্রাম্প। তিনি বলেন, বন্ডসও ওষুধ নেওয়ার কথা অস্বীকার করেছেন বলে তাঁর ধারণা, এবং কথিত ওষুধ-পর্বের আগেই বন্ডস একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন।
বন্ডস কখনো জেনেশুনে পারফরম্যান্স বাড়ানোর ওষুধ নেওয়ার কথা স্বীকার করেননি। ২০০৩ সালে একটি ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে তিনি সাক্ষ্য দেন যে, তিনি না জেনে ‘দ্য ক্লিয়ার’ নামের একটি পদার্থ ব্যবহার করেছিলেন, যেটি ছিল একটি ডিজাইনার অ্যানাবলিক স্টেরয়েড।
ট্রাম্প হেসে বলেন, ‘সমস্যা হলো, তাঁকে দেখে মনে হতো তিনি ওষুধ নিয়েছেন।’ তিনি আরও বলেন, বন্ডসের ক্ষেত্রে বিষয়টি ক্লেমেন্সের চেয়ে আলাদা, কারণ সেখানে জোরালো সাক্ষ্যপ্রমাণ ছিল; তবে বন্ডসের পরিসংখ্যান এত বড় যে তিনি বিষয়টি বিবেচনা করবেন।
বন্ডসের রেকর্ডগুলোর মধ্যে রয়েছে ৭৬২টি হোম রান, ২ হাজার ৫৫৮টি ওয়াক, ৬৮৮টি ইচ্ছাকৃত ওয়াক এবং ১৬২.৮ বিওয়ার—এসবই মেজর লিগ বেসবলের রেকর্ড। তিনি সাতবার এমভিপি ও ১৪ বার অল-স্টার হয়েছেন।
ভোটের হিসাবেও দুজনই হল অব ফেমের দরজা থেকে ফিরেছেন। ব্যালটে শেষ বছরে বন্ডস পান ৬৬ শতাংশ ভোট, যেখানে অন্তর্ভুক্তির জন্য দরকার ছিল ৭৫ শতাংশ। ক্লেমেন্স তাঁর শেষ বছরে সর্বোচ্চ ৬৫.২ শতাংশ ভোট পান।
২০২৫ সালের ডিসেম্বরে ১৬ সদস্যের কনটেম্পোরারি বেসবল ইরা কমিটির কাছ থেকে পাঁচটির কম ভোট পাওয়ায় ক্লেমেন্স ও বন্ডস—দুজনই ২০৩১ সালের আগে আবার ভোটের জন্য বিবেচিত হবেন না। হল অব ফেমের নিয়ম অনুযায়ী, এর ফলে তাঁরা পরের তিন বছরের চক্রের জন্যও অযোগ্য হয়ে গেছেন।




