লেবাননের প্রেসিডেন্টের দাবি: ইসরায়েলকে সরে যেতে হবে, ইরানের হস্তক্ষেপ বন্ধ হোক
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের হস্তক্ষেপের নিন্দা করেছেন এবং দেশের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের সরে যাওয়ার দাবি জানিয়েছেন। শনিবার দেওয়া এক ভাষণে তিনি এই দুই বিষয়কে পরস্পরের সঙ্গে যুক্ত দুটি মৌলিক বাধা হিসেবে বর্ণনা করেন।
ভাষণটি দেওয়া হয় লেবাননের ৮৩তম স্বাধীনতা বার্ষিকীর প্রাক্কালে। আউন বলেন, এই দুটি পরস্পর-সংযুক্ত ভাগ্যনির্ধারক পরীক্ষার কারণে লেবানন পুরোপুরি স্বাধীনতা উদ্যাপন করতে পারছে না।
আউনের ভাষায় প্রথম পরীক্ষা হলো ‘আমাদের ভূমির কিছু অংশে ইসরায়েলি দখল’। দ্বিতীয় পরীক্ষা হলো ইরানি শাসনের কিছু প্রভাবশালী পক্ষের বিদেশি হস্তক্ষেপ, যা রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে অস্ত্র ও সিদ্ধান্তের মাধ্যমে ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
ইসরায়েলের উদ্দেশে আউন বলেন, ‘লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে যাও। তোমাদের হামলা বন্ধ করো। আর আমাদের বন্দীদের ফিরিয়ে দাও।’
ডজনখানেক লেবাননি নাগরিক ইসরায়েলি আটক কেন্দ্রে আছেন বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় আটক হিজবুল্লাহর সদস্যরাও রয়েছেন।
আউন সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাষ্ট্রের বাইরে এমন কোনো অস্ত্র থাকবে না, যা বিদেশি শক্তির নির্দেশ নেয় বা তাদের স্বার্থে কাজ করে।
লেবানন সরকার ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে। দলটির অস্ত্রভান্ডার দীর্ঘদিন ধরে জাতীয় সেনাবাহিনীর চেয়েও বড়, এবং হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য এই অস্ত্র প্রয়োজনীয় বলে যুক্তি দিয়ে এসেছে।
লেবানন ও ইসরায়েল গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর একটি কাঠামো চুক্তি সই করে। চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ধাপে ধাপে সরে যাওয়া এবং ওই এলাকায় লেবাননি সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
তবে সেই চুক্তির বাস্তবায়ন থমকে আছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে, আর ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
শনিবার ইসরায়েলি হামলা হয় দক্ষিণ লেবাননের নাবাতিয়ে, বিন্ত জেবেইল ও মারজায়ুন জেলায়। একটি বিমান হামলা হয় বিন্ত জেবেইলের বারাাশিত শহরের উপকণ্ঠে; ভোরে শহরটিতে ইসরায়েলি গুলিবর্ষণ হয় এবং শহরের উপকণ্ঠে ইসরায়েলি সামরিক যানের চলাচল দেখা যায় বলে জানানো হয়েছে।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়ের কফর তেবনিত শহরে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালায়, কারণ প্রথমটি বিস্ফোরিত হয়নি। এনএনএ আরও জানায়, মারজায়ুন জেলার ওয়াদি আল-খিয়ামে ইসরায়েলি বাহিনী তিনটি বিস্ফোরণ ঘটায়, তবে এ বিষয়ে আর বিস্তারিত দেওয়া হয়নি।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ২ মার্চ থেকে অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন; ২ মার্চ থেকে সর্বশেষ হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৮ হাজার ৯৫৩ জন নিহত এবং ৩০ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।

