ক্যানসারে আক্রান্ত নির্মাতা মাতিয়া বানু শুকু আইসিইউতে, অক্সিজেন কমে যাওয়ায় নিবিড় পরিচর্যায়

এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন চিত্রনাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। গত বছরের অক্টোবরে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, গতকাল সকাল সাতটার দিকেও হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। পরে অক্সিজেনের মাত্রা অনেক কমে যাওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
আতিক জানান, বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে শুকুকে।
শুকুর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ এবং লাইফ সাপোর্টের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে পরিবারের আলোচনা চলছে বলে জানিয়েছেন তাঁর স্বামী।
মাতিয়া বানু শুকুর চিকিৎসার ব্যয় নিয়েও উদ্বেগে রয়েছে পরিবার। বর্তমানে যে হাসপাতালে তিনি রয়েছেন, সেখানে চিকিৎসার খরচ অনেক বেশি।
পরিবার জানিয়েছে, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়টি ভাবা হচ্ছে।
এর আগে গত এপ্রিলে ভারত থেকে চিকিৎসা নিয়ে আসার পর শুকুর জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছিল তাঁর পরিবার।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন।
‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।
‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে তিনি পেয়েছেন ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


