গাজায় বাড়িঘর ধ্বংসের প্রতিবাদে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে। গাজার এক মেয়র বলেছেন, এটি ‘ধীরে ধীরে বাস্তুচ্যুত করার’ নীতির অংশ। এ পরিস্থিতিতে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি প্রতিবাদে নেমেছেন।
গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলুত জানান, ‘হলুদ রেখা’র কাছাকাছি এলাকায় বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শনিবার জড়ো হয়ে ইসরায়েলের তীব্রতর বিমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
‘হলুদ রেখা’ ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি ও হামাস-নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করে।
দেইর আল-বালাহের মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ আল জাজিরাকে বলেন, ‘এক মাসেরও কম সময়ে ৫০০-এর বেশি আবাসন ইউনিট ধ্বংস করা হয়েছে।’ তিনি বলেন, ‘এটি বাসিন্দাদের শিবির থেকে বের করে দিতে এবং যত বেশি সম্ভব বাড়ি ধ্বংস করতে ধীরে ধীরে বাস্তুচ্যুত করার একটি পদ্ধতিগত নীতির অংশ বলে মনে হচ্ছে।’
গাজার গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ছিটমহলের ৮০ শতাংশ বাড়ি ধ্বংস হওয়ার পর ৩ লাখ ৫০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্যা অস্থায়ী তাঁবুর আবাসন ধ্বংস করেছে।
মূল ‘হলুদ রেখা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার ২০ দফা পরিকল্পনার আওতায় নির্ধারণ করা হয়েছিল। এটি সেই এলাকা চিহ্নিত করেছিল যেখানে ইসরায়েলি বাহিনী প্রথমে সরে গিয়েছিল। তাঁদের ধীরে ধীরে আরও সরে যাওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তে তাঁরা আরও ভূখণ্ড দখল করেছে।
আল-কাহলুত বলেন, ‘২০২৫ সালের অক্টোবরে যখন যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল, তখন হলুদ রেখা আরও পূর্বে ছিল।’ এখন গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অথবা প্রবেশের বিধিনিষেধের আওতায় রয়েছে।
শনিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজন গাজা শহরে বাস্তুচ্যুত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া একটি ভ্যানে ইসরায়েলি ড্রোন হামলায় মারা যান।
গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে মৃতের সংখ্যা ১ হাজার ৬৬১-এ পৌঁছেছে।
মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় ৫৫ ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে ২০২৫ সালের অক্টোবর থেকে আহতের মোট সংখ্যা ৬ হাজার ৬২-এ পৌঁছেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শনিবার তাদের কর্মীরা মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবির, আজ-জাওয়াইদা ও দেইর আল-বালাহে ইসরায়েলের ধ্বংস করা ৩৯টি বাড়ি ও অন্যান্য ভবন থেকে ১২৯ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছেন।
মধ্য গাজার বেসামরিক প্রতিরক্ষা পরিচালক রামি আল-আইদি বলেন, ওই ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে ২৩৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। ৫৩ দিনের এই অভিযান আন্তর্জাতিক রেড ক্রস কমিটি অর্থায়িত মধ্য গাজায় পুনরুদ্ধার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপ্তি চিহ্নিত করেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অক্টোবরে জানিয়েছিল, ছিটমহলজুড়ে ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার মরদেহ রয়ে গেছে, যার মধ্যে প্রায় ৪ হাজার ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছিল, উপলব্ধ সরঞ্জাম দিয়ে পুনরুদ্ধারে আট থেকে ১০ বছর সময় লাগতে পারে।

