…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঐক্যের উদ্যোগে কাল যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসছে এনসিপি, পর্যায়ক্রমে বৈঠক জামায়াতসহ জুলাইয়ের পক্ষের দলগুলোর সঙ্গে

নিজস্ব প্রতিবেদক
ঐক্যের উদ্যোগে কাল যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসছে এনসিপি, পর্যায়ক্রমে বৈঠক জামায়াতসহ জুলাইয়ের পক্ষের দলগুলোর সঙ্গে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রে এসব কথা জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তিতে হতে হবে বলে মনে করে এনসিপি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক হয়। শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে তাঁদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে বাকি বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠক হতে পারে।

সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এনসিপির নেতারা বলছেন, বৈঠকে তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এ ছাড়া বিএনপি নেতা-কর্মীরা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, সেসব বিষয় প্রধানমন্ত্রীকে জানাবেন। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ তাঁদের পাঁচ দফা দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এনসিপির নেতারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন
রাজনীতি

মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা, আসে স্থল-সাগর-নদী তিন পথে: সংসদীয় কমিটিতে প্রতিবেদন

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা চিহ্নিত করা হয়েছে। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্…

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্যে যাবে না এনসিপি, প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া নাহিদের

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব…

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা বাড়ছে, সংলাপের পথ খুঁজছে সরকার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রশ্ন…

রাজনীতি

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান

জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) …