…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

তরুণদের কর্মসংস্থানে বড় বাধা ‘অনুপস্থিত মধ্যস্তর’: পিপিআরসির গবেষণা

নিজস্ব প্রতিবেদক
তরুণদের কর্মসংস্থানে বড় বাধা ‘অনুপস্থিত মধ্যস্তর’: পিপিআরসির গবেষণা
ছবি: সংগৃহীত

দেশে তরুণদের অর্থনৈতিক সংকটের বড় কারণ কেবল দক্ষতার ঘাটতি বা কর্মসংস্থানের সুযোগের অভাব নয়; বিদ্যমান সুযোগগুলোকে চাকরি, টেকসই উদ্যোগ ও মর্যাদাপূর্ণ জীবিকায় রূপ দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যবর্তী পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ না করায় এই শূন্যতাকে ‘মিসিং মিডল’ বা ‘অনুপস্থিত মধ্যস্তর’ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা।

‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণাটি করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার গবেষণার ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নামিরা শামীম।

হোসেন জিল্লুর রহমান বলেন, সামষ্টিক পর্যায়ের নীতি এবং পরিবার, তরুণ ও উদ্যোক্তাদের নিজস্ব প্রচেষ্টার মধ্যে কার্যকর সংযোগের অভাব রয়েছে। ফলে সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলাফলে রূপ নিচ্ছে না।

২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ ও নিয়োগকর্তাদের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে গবেষণাটি করা হয়। এতে ১০০ তরুণ এবং ৫৯ জন নিয়োগকর্তা ও উদ্যোক্তা অংশ নেন। পাশাপাশি নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাই-টেক পার্ক, উপকূলীয় নোয়াখালী এবং বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গেও মাঠপর্যায়ে আলোচনা করা হয়। গবেষকেরা জানিয়েছেন, এটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক জরিপ নয়; বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক সুযোগ কাজে লাগানোর পথে বাধাগুলো চিহ্নিত করাই ছিল এর উদ্দেশ্য।

গবেষণায় দেখা গেছে, রাজশাহীতে আম ও উদ্যান ফসল প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সুযোগ থাকলেও সংরক্ষণ, মান যাচাই ও অর্থায়নের ব্যবস্থা দুর্বল।

যশোরে ডিজিটাল খাত, হালকা প্রকৌশল, ফুল এবং নারী উদ্যোক্তাদের ব্যবসা এগোলেও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা অপর্যাপ্ত। স্থানীয় খাবার ও সংস্কৃতিনির্ভর ব্যবসারও সম্ভাবনা রয়েছে সেখানে। অন্যদিকে অব্যবহৃত যশোর হাই-টেক পার্কে সরকারি বিনিয়োগের উৎপাদনশীল ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে গবেষণায়।

নোয়াখালীতে সয়াবিনের মতো পণ্য অন্য এলাকায় প্রক্রিয়াজাত হওয়ায় স্থানীয় অর্থনীতিতে মূল্য সংযোজনের সুফল থাকছে না। মৌসুমি ব্যবসার জন্য উপযোগী ঋণের ব্যবস্থা না থাকায় উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন, আর নারীদের ঋণ পাওয়ার ক্ষেত্রেও নানা বাধা রয়েছে। চট্টগ্রামে নিয়োগকর্তারা দক্ষ কর্মীর ঘাটতির কথা বললেও তরুণেরা প্রথম চাকরির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন না। বান্দরবানে বাজার, অবকাঠামো ও সেবায় সীমিত প্রবেশাধিকার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তরুণ ও নিয়োগকর্তা—উভয় পক্ষই ব্যবহারিক দক্ষতার ঘাটতি এবং তরুণদের নেতৃত্বাধীন ছোট উদ্যোগের জন্য অনুপযোগী অর্থায়ন ব্যবস্থার কথা বলেছে। তবে চাকরির অভিজ্ঞতা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। নিয়োগকর্তারা স্নাতকদের কাজের জন্য প্রস্তুত না থাকার অভিযোগ করেন; অন্যদিকে তরুণদের প্রশ্ন, প্রথম চাকরির সুযোগ না পেলে অভিজ্ঞতা অর্জন করবেন কীভাবে।

গবেষণার আলোকে হোসেন জিল্লুর রহমান সাতটি অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নীতি ও বাস্তবায়নের মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা, ব্যবহারিক দক্ষতা ও মেন্টরশিপ বাড়ানো, উদ্যোক্তাদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করা এবং সরকারি সম্পদের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি আঞ্চলিক পণ্য ও সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেন তিনি।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণদের অর্থনৈতিক আকাঙ্ক্ষা কেবল কর্মসংস্থানের সংখ্যা বাড়ানোর দাবি ছিল না। এর সঙ্গে ন্যায্যতা, মর্যাদা, সুযোগে প্রবেশাধিকার ও অর্থনৈতিক ন্যায়বিচারের প্রশ্নও জড়িত। এখনকার চ্যালেঞ্জ হলো তৈরি হওয়া সুযোগগুলোকে বাস্তব সুফলে রূপ দেওয়া।

অনুষ্ঠানে দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সল বিন সিরাজ বলেন, উৎপাদনশীল ও অর্থবহ কর্মসংস্থান শুধু অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নয়, তরুণদের মধ্যে অংশগ্রহণ, মালিকানা বোধ ও স্থিতিশীলতার অনুভূতি তৈরির জন্যও গুরুত্বপূর্ণ। লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তরুণদের জন্য উৎপাদনশীল কর্মসংস্থান বাড়ানো দেশের অর্থনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত এবং এ ক্ষেত্রে বাধাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় পর্যায়ের প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর জোর দেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। তিনি সনদনির্ভর প্রশিক্ষণের পরিবর্তে প্রকৃত দক্ষতা অর্জন, তরুণ উদ্যোক্তাদের ঝুঁকি ব্যবস্থাপনা এবং মেন্টরশিপ ও শিক্ষানবিশভিত্তিক শিক্ষার প্রসারের কথা বলেন। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, প্রবৃদ্ধির বর্তমান মডেল আর যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় এবং প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তরের প্রক্রিয়ায় ফাটল দেখা দিয়েছে; এ পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা, ব্যবসাপ্রতিষ্ঠান, অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগে নতুন করে মনোযোগ দিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …