…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

কাজ হারানোর ভয়ে একসময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে

নিজস্ব প্রতিবেদক
কাজ হারানোর ভয়ে একসময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে
ছবি: সংগৃহীত

‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধাধুন’, ‘স্যাক্রেড গেমস’ ও ‘লাস্ট স্টোরিজ’—সিনেমা ও সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি গড়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। প্রায় দুই দশকের অভিনয়জীবনে স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য প্রশংসিত এই অভিনেত্রী এবার নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’য় অভিনয় করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের অনিশ্চয়তা, কাজ হারানোর ভয়, মাতৃত্ব ও নতুন সিরিজ নিয়ে খোলামেলা কথা বলেছেন রাধিকা। তিনি জানান, একসময় যেকোনো মূল্যে কাজ করতে চাইতেন তিনি। সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অনেক প্রস্তাব ফিরিয়ে দিতে পারতেন না। কখনো বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি।

রাধিকা বলেন, ‘আমার সেই ক্ষুধা এখন আর নেই। তবে এটা ভালোই হয়েছে। কারণ, এই তাড়নায় এমন অনেক কাজ করেছি, যা এখন আর করতে চাই না। এখন কোনো কাজকে সহজেই না বলতে পারি।’ তাঁর ভাষায়, সেই মানসিকতা এখন বদলেছে।

অভিনয়ের প্রতি ভালোবাসা অবশ্য কমেনি বলে জানান তিনি। এখনো কাজ করে আনন্দ পান তিনি। তবে অতীতের সেই অস্থিরতা আর নেই। রাধিকার মতে, অভিনয়জগতে কাজের নিশ্চয়তা নেই—আজ সুযোগ থাকলেও কাল থাকবে কি না, কেউ জানে না।

এর সঙ্গে রয়েছে নিজেকে প্রাসঙ্গিক রাখার চাপ। কোনো প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সেই কাজ সফল হলে নিজের ক্ষতি হবে কি না, এমন আশঙ্কাও তাঁকে তাড়া করত বলে জানান অভিনেত্রী।

মা হওয়ার পর জীবন ও কাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও বদলেছে। একসময় ভেবেছিলেন, সন্তান জন্মের পরও আগের মতোই কাজ চালিয়ে যাবেন। এমনকি মা হওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে বলে জানান তিনি।

রাধিকা জানান, আবার সেই সময়ে ফিরে যাওয়ার সুযোগ পেলে কিংবা দ্বিতীয়বার মা হলে কাজ থেকে কিছুদিন বিরতি নিতেন। কারণ, সন্তানের বেড়ে ওঠার সময় দ্রুত পেরিয়ে যায়। একই সঙ্গে সন্তান ও পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে শরীর ও মনের ওপর প্রচণ্ড চাপ পড়ে।

মাতৃত্বের পর নিজের ওপর কতটা বাড়তি চাপ দিয়েছিলেন, তা পরে বুঝতে পেরেছেন তিনি। তাঁর শরীর আগের অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লেগেছে। এই অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে, মাতৃত্বের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ কতটা গভীর। তাঁর প্রশ্ন, ‘সবকিছু একসঙ্গে করার চেষ্টা করে এত ক্লান্ত হয়ে পড়ার মানে কী? এত কিছু করে কাকে কী প্রমাণ করতে চাইছি?’

নতুন সিরিজ ‘আক্কা’য় দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্ব উঠে এসেছে। বাস্তব জীবনে কখন নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে হয়—এমন প্রশ্নে রাধিকার উত্তর, নিজের হয়ে কথা বলতে পারলে এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারলেই সবচেয়ে বেশি শক্তি অনুভব করেন তিনি। তবে সব সময় তা পারেননি তিনি। অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছেন, পরে বাড়ি ফিরে অস্বস্তিতে ভুগেছেন, এমনকি রাতে ঘুমাতেও পারেননি বলে জানান তিনি।

সাক্ষাৎকারে অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার প্রসঙ্গও আসে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাধিকা বলেন, ‘কেউ এভাবে বন্দুক তুলে অন্য কাউকে গুলি করতে পারে না। আমি এর সম্পূর্ণ বিরোধী। সব ধরনের হিংসার বিপক্ষে আমি।’

তাঁর নতুন সিরিজের গল্পে অবশ্য রয়েছে গ্যাংস্টারদের ক্ষমতার লড়াই, সংঘাত ও সহিংসতা। বাস্তব জীবনে হিংসা অপছন্দ করেন রাধিকা, এমনকি পর্দায় সহিংস দৃশ্য দেখতেও স্বচ্ছন্দ নন। তবে তাঁর মতে, এই সিরিজে হিংসা কেবল দর্শককে চমকে দেওয়ার উপকরণ নয়, গল্পের প্রয়োজনেই এসেছে। তিনি বলেন, ‘এটি উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের গল্প। সেই ক্ষমতা ও উত্তরাধিকার রক্ষা করতেই সংঘাতের জন্ম।’

সিরিজে নিজের চরিত্রটি নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী। রাধিকার ভাষায়, চরিত্রটি আকর্ষণীয় ও স্টাইলিশ; এমন চরিত্রে আগে কখনো অভিনয় করেননি তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…

বিনোদন

নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের

নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নত…

বিনোদন

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দেড় বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস…

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন
বিনোদন

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন

অ্যান্ডির জন্মদিনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে তার খেলনারা। উপহারের বাক্স খুললেই ঘরে আসতে পারে নতুন কেউ, তখন পুরোনোদের কী হবে—এই ভয় নিয়েই শুরু হয…