চট্টগ্রামে দলত্যাগী কর্মী হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দলত্যাগ করায় কর্মী আবু ইউসুফ ওরফে জীবন হত্যার ঘটনায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্তের ভাগনেও রয়েছেন।
গতকাল শনিবার নোয়াখালীর কমলনগর ও রামগতি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান বাদশা (২৫), মো. নাবিদ ওরফে শাহরিয়াজ আলম (২৪) ও রাপিদ ওরফে মুতাবিদ আলম (২৮)। তাঁদের সবার বাড়ি বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া এলাকায় এবং তাঁরা এলাকায় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
এদের মধ্যে মেহেদী হাসান বাদশা এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের ভাগনে।
এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ গতকাল রাতে বলেন, গ্রেপ্তার তিনজনই মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁদের বায়েজিদ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামীর কুঞ্জছায়া আবাসিক এলাকায় জীবনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে তাঁকে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে জীবনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
নিহত জীবন পরিবারসহ বায়েজিদ বোস্তামী এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করতেন।
এসআরবি কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, নিহত যুবক আগে অভিযুক্তদের সঙ্গে রাজনীতি করলেও পরে রাজনীতি ছেড়ে দেন ও পক্ষ পরিবর্তন করেন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়, যার জেরে এই হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২৮ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। মামলায় ১৫ জনকে নামীয় ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে তিনি জানান।
এর আগে এই মামলায় প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল ও তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে এসআরবি।




