…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

এআই নকলকাণ্ডের জেরে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এআই নকলকাণ্ডের জেরে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন রোববার পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের কেলেঙ্কারি ছড়িয়ে পড়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

চোই বলেছেন, ভর্তি পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে তিনি ব্যর্থ হয়েছেন। এবারের পরীক্ষায় ফোন নিষিদ্ধ করা হয়েছিল এবং পোশাকের ভেতরে লুকানো ক্যামেরা আছে কি না, তা-ও পরীক্ষা করা হয়েছিল।

গত রোববার থেকে এআই দিয়ে নকলের আশঙ্কায় দেশটি উদ্বিগ্ন হয়ে ওঠে। জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন। ঘটনাটি ঘটে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এর মাত্র চার দিন আগে।

ওই স্বীকারোক্তির পর কর্মকর্তারা তড়িঘড়ি করে ভর্তি পরীক্ষার জন্য একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। এর মধ্যে পরীক্ষা এলাকায় পাবলিক ওয়াই-ফাই বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও ছিল।

তবে শিক্ষামন্ত্রী চোই জনগণকে আশ্বস্ত করতে পারেননি। শিক্ষক ইউনিয়নগুলো সরকারের পদক্ষেপকে বিলম্বিত বলে সমালোচনা করে।

আট ঘণ্টার বার্ষিক সুনেউং পরীক্ষা নির্ধারণ করে কোন পরীক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। সেই হিসেবে এই পরীক্ষা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনাও ঠিক করে দেয়।

চোই এক্সে লিখেছেন, পরীক্ষা বড় কোনো ঘটনা ছাড়াই শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি মনে করেন না যে আগাম পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার জনসমালোচনা থেকে তিনি মুক্ত।

তিনি আরও লিখেছেন, পরীক্ষা শেষ হওয়ায় তিনি পূর্ণ দায়িত্ব নিয়ে পদত্যাগের প্রস্তাব দিচ্ছেন। প্রেসিডেন্ট লি জে মিউং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

সোমবার সংসদীয় শুনানিতে ৭২ বছর বয়সী চোইকে জিজ্ঞাসা করা হয়েছিল, পরীক্ষার দিন নকল করতে চাওয়া ব্যক্তিদের ধরা যাবে কি না, সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী কি না। জবাবে তিনি বলেন, তাঁর বয়সের কারণে তিনি আত্মবিশ্বাসী নন। তাঁর এই জবাব দ্রুত জনসমালোচনার জন্ম দেয়।

বৃহস্পতিবারের পরীক্ষার আগের দিনগুলোতে সংবাদ সম্মেলনে চোই উপস্থিত ছিলেন না। তাঁর পরিবর্তে একজন উপমন্ত্রী প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো ঘোষণা করেন।

সুনেউং পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে দক্ষিণ কোরিয়া ব্যাপক ব্যবস্থা নেয়। ২৫ মিনিটের ইংরেজি শ্রবণ পরীক্ষার সময় শব্দ কমাতে উড়োজাহাজের ওঠানামা পুনর্নির্ধারণ করা হয়, কামান থেকে গোলাবর্ষণ ও ট্যাংক চলাচল স্থগিত থাকে, শেয়ারবাজার এক ঘণ্টা দেরিতে খোলে এবং প্রতিটি কেন্দ্র থেকে ২০০ মিটার দূরে গাড়ি থামানো হয়।

এ মাসের শুরুর নকলকাণ্ডের পর সরকার জানায়, সুনেউং পরীক্ষায় স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দিতে হবে, করিডরে রাখা ব্যাগে চালু ডিভাইস আছে কি না তা পরীক্ষা করা হবে এবং পরীক্ষা কর্মকর্তারা সব পরীক্ষার্থীর চশমা ও ঘড়ি পরীক্ষা করবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…